'রিয়ালকে হিসাব থেকে বাদ দেওয়া যায় না'

লিগে সেভিয়ার মাঠে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের অভিজ্ঞতা। পরের ম্যাচেই আবার হার—এবার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পরাজয়টা ৪-০ ব্যবধানে। তার কদিন পর পুঁচকে কাদিজের সঙ্গে ম্যাচে জিতেও নিজেদের ‘ভুলে’ বাদ পড়তে হলো কোপা দেল রে থেকে। মৌসুমে হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। কোচের সঙ্গে দলের মূল খেলোয়াড়দের বিবাদের গুঞ্জন মিলিয়ে কেমন যেন একটা গুমোট ভাব ছিল রিয়ালকে ঘিরে।
তবে সুখবর হলো, তারা ফিরে এসেছে। গত কদিন ধরেই বেশ ভালো খেলছে ‘ব্ল্যাঙ্কোস’রা। টানা পাঁচ ম্যাচে জয়ও পেয়েছে। আর এই সুসময়টাই নতুন করে আশা জাগাচ্ছে মৌসুম শেষে শিরোপার উৎসব করার। এমন আশায় বসতি রিয়ালের সাবেক ডিফেন্ডার ফার্নান্দো হিয়েরোও। গত কয়েক সপ্তাহে দলের এই ইতিবাচক পরিবর্তন দেখে সাবেক স্প্যানিশ ডিফেন্ডার বলছেন, মৌসুম শেষে স্প্যানিশ লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ দুটোই জিততে পারে রিয়াল।
১৯৮৯ থেকে ২০০৩—টানা ১৪ বছর রিয়ালের রক্ষণ সামলেছেন হিয়েরো। স্প্যানিশ এই ডিফেন্ডার পান কিংবদন্তির মর্যাদাই। অবশ্য পাওয়ারও কথা। ক্লাবকে যে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি লিগ জেতাতে সাহায্য করেছেন তিনি। রিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন সহকারি কোচ হিসেবেও। গত মৌসুমে কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করেছেন রোনালদো-বেলদের সঙ্গে। কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই বলছেন, এই রিয়াল শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে শিরোপার জন্য।
খেলোয়াড়ি জীবনের শেষ দিকে খেলেছেন কাতারের ক্লাব আল-রাইয়ানে। এই মুহূর্তে সেখানেই আছেন হিয়েরো। বৃহস্পতিবার কাতারের এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে হিয়েরো বলেন, ‘রিয়াল মাদ্রিদকে কখনোই হিসাব থেকে বাদ দেওয়া যায় না। আমাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে। লিগে এখনো অনেক পথ বাকি। চ্যাম্পিয়নস লিগে তো রিয়াল সব সময়ই ভয়ংকর দল। আর লিগেও শেষ পর্যন্ত তারা লড়ে যাবে।’
লড়াইয়ে রিয়ালকে ভরসা জোগাবে ‘বিবিসি’র ফর্ম। খানিকটা স্পষ্ট করে বললে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার ফর্ম। শুরুর দিকে ফর্মের জন্য কিছুটা সমালোচিত হলেও রোনালদো এই মৌসুমে এরই মধ্যে ২০ ম্যাচে ২১ গোল করে ফেলেছেন। চোট কাটিয়ে ফেরা বেনজেমাও গত দুই ম্যাচে করেছেন ৫ গোল, মৌসুমে ১৬ ম্যাচে ১৪টি। গত কয়েকটি ম্যাচে এই দুজনের ‘আগুনে’ ফর্মের কারণেই চেনা রূপে ফিরেছে রিয়াল। দুজনের সঙ্গে গ্যারেথ বেলও গোল উৎসবে যোগ দিলে ব্যাপারটা কেমন দাঁড়াবে সেটি ভবিষ্যতই বলতে পারবে। গোল হয়ত ঠিক প্রত্যাশিতভাবে পাচ্ছেন না, তবে গত কয়েক ম্যাচে ফর্মে ফেরার, রোনালদোর সঙ্গে ভালো বোঝাপড়ার আভাস দিচ্ছেন তিনিও।
রোনালদো-বেনজেমার এমন ফর্মে ফেরার জন্য কৃতিত্বটা বেনিতেজকেই দিতে হবে। রিয়াল কোচ আলাদা করে কথা বলেছেন ‘বিবিসি’র সঙ্গে, মাঠে তাঁদের সমন্বয়টা আরও ভালো করার উপায় বের করার চেষ্টা করেছেন। সেই চেষ্টায় আপাতত সফলই বলতে হবে বেনিতেজকে। অথচ একটা সময় অতি-রক্ষণাত্মক কৌশলের জন্য কিংবা রোনালদোদের আরও ‘স্বাধীনভাবে’ খেলার সুযোগ না দেওয়ার জন্য কত সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। রিয়ালকে শিরোপা জেতাতে বেনিতেজের অভিজ্ঞতাকেই পুঁজি হিসেবে দেখছেন হিয়েরো, ‘বেনিতেজ অনেক অভিজ্ঞ একজন কোচ। ইংল্যান্ড ও ইতালির লিগে সেটা তিনি দেখিয়েছেন। এক সময় রিয়ালের যুবদলে খেলেছেন, আমাদের ক্লাবটিকেও তাই খুব ভালো চেনেন তিনি। চ্যালেঞ্জে জয়ী হতে প্রয়োজনীয় সবকিছুই জানা আছে বেনিতেজের।’
এখন রোনালদো-বেনজেমারা শেষ পাঁচ ম্যাচের ফর্মটা চালিয়ে নিতে পারলেই হলো। কারণ তাঁরা জিতলে যে জিতে যান বেনিতেজও। তথ্যসূত্র: ইএসপিএন, গোলডটকম।