রিয়াল মাদ্রিদ ছাড়তে চান রোনালদো, গুঞ্জনটা কয়েক দিন ধরেই চলছে। পর্তুগিজ ফরোয়ার্ড নাকি নিজের সিদ্ধান্ত রিয়াল কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন। আগামী মৌসুমে রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আবার দেখা যেতে পারে, এমনও লিখেছে পর্তুগিজ দৈনিক আ বোলা।
আসলে কী ঘটছে, সেটি জানতে গত পরশু সবাই কান পেতে ছিলেন স্প্যানিশ রেডিও ওন্ডা চেরোর দিকে। সেদিন ওই রেডিওতে অতিথি হয়ে এসেছিলেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। নতুন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২১ সাল পর্যন্ত রিয়ালের সভাপতি নির্বাচিত হওয়া পেরেজ অবশ্য আত্মবিশ্বাসী, রোনালদো রিয়ালেই থাকবেন, ‘ক্রিস্টিয়ানোর সঙ্গে আমার কথা হয়নি। পত্রিকা পড়েই এ ব্যাপারে জেনেছি আমি। আমার কাছে এখন কোনো সমাধান নেই, তবে অন্য সব খেলোয়াড়ের মতোই ক্রিস্টিয়ানোও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ।’
১৪ দশমিক ৭০ মিলিয়ন কর ফাঁকির অভিযোগে কদিন আগে স্প্যানিশ কর কর্তৃপক্ষ রোনালদোর বিরুদ্ধে মামলা করে। আগামী ৩১ জুলাই মামলার প্রথম শুনানিতে যেতে হবে রোনালদোকে। তবে হঠাৎ তৈরি হওয়া এই বিতর্ক, আর এটি নিয়ে সংবাদমাধ্যমের মাতামাতিতে নাকি বিরক্ত রোনালদো। গুঞ্জন ওঠে, কর ফাঁকির মামলায় বিরক্ত হয়েই রোনালদো রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে পেরেজের কথায় সেটির ইঙ্গিত নেই। রিয়ালের সভাপতি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো বা অন্য কারও জন্যই কেউ আমাদের এখনো কোনো প্রস্তাব দেয়নি। আমরা এখানে যারা আছি, তাদের সবার চেয়ে ক্রিস্টিয়ানো অনেক বেশি ক্ষমতাবান আর অনেক গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, সে (কর ফাঁকির মামলার ব্যাপারে) আমাদের সঙ্গে কথা বলবে, যেটি কিনা তার বিশ্বাসে বড় প্রভাব ফেলেছে। এরপর দেখা যাবে কী হয়।’
রিয়ালের সমর্থকেরা অবশ্য পেরেজের কথায় আশ্বস্ত হতে পারেন, ‘পরিস্থিতি সম্পর্কে আমি খুব বেশি কিছু জানতে পারিনি। সে জাতীয় দলের হয়ে খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট কনফেডারেশনস কাপে খেলতে গেছে। ওটা শেষ না হওয়া পর্যন্ত তো তার সঙ্গে কথা বলতে পারি না। তবে তার একটা চুক্তি আছে এবং সেটা তাকে মেনে চলতে হবে। আমরা যা জানি সেটি হলো, সংবাদমাধ্যম তাকে যেভাবে তুলে ধরছে, তাতে সে খুশি নয়। (সংবাদমাধ্যম) ওকে কর প্রতারক হিসেবে তুলে ধরছে।’ রয়টার্স।