'রুনি হয়তো নয় না, তবে ছয়ও না'

এ মৌসুমে ইউনাইটেডের খেলার বর্ণনাতে একটি শব্দ থাকতই, ‘বিরক্তিকর’। লুই ফন গালের কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দলের চেহারাই বদলে গিয়েছিল। ওয়েইন রুনির মতো স্ট্রাইকারকে খেলতে হয়েছিল মিডফিল্ডে নেমে। নতুন কোচ হোসে মরিনহো সে পথে হাঁটবেন না, রুনিকে রুনির মতোই থাকতে দিতে চান তিনি।
ইউনাইটেডের কোচ হিসেবে আজই প্রথম সংবাদ সম্মেলন করলেন হোসে মরিনহো। এসেই জানিয়েছেন নিজের স্বপ্নের কথা, অ্যালেক্স ফার্গুসনকে ছাড়িয়ে যেতে চান তিনি। ইউনাইটেডকে উপহার দিতে চান আরও অনেক সাফল্য। কথা প্রসঙ্গেই চলে এল রুনির কথা। ফন গালের সময়ে ‘স্ট্রাইকার রুনি’ হারিয়েই গিয়েছিলেন। মিডফিল্ড এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডে দেখা গেছে তাকে। মজা করে অনেকে গোলরক্ষক হিসেবেও রুনির ভবিষ্যৎ দেখতে শুরু করেছিলেন। কিন্তু মরিনহো সে ভুল করবেন না, ‘খেলোয়াড়দের খেলায় পরিবর্তন আসে। তাঁর বয়সী খেলোয়াড়দের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ব্যাপার কখনোই পরিবর্তিত হয় না। সেটি হলো জালে বল পাঠানোর আকাঙ্ক্ষা।’
রুনি যে আগের মতো সব সময় মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারবেন না সেটি মানেন মরিনহো। তাই বলে মিডফিল্ডে খেলিয়ে প্রতিভার অপচয়ও করাবেন না তিনি, ‘সে হয়তো এখন আর নয় নম্বর খেলোয়াড় নয়, তাই বলে সে কখনো নম্বর ছয়ও না। সে কখনো গোলের থেকে ৫০ মিটার দূরে খেলবে না। সে দারুণ পাস দেয়, কিন্তু আমার এ নিয়ে কোনো চাপ নেই। সে কখনো ৯ হবে, কখনো ১০। কখনো সাড়ে নয়ও হতে পারে। তবে কখনোই ছয় কিংবা আট হবে না।’
উল্লেখ্য, ফুটবলে নয় নম্বর জার্সিধারীকে দলের মূল স্ট্রাইকার ভাবা হয়। দশ নম্বর জার্সিধারীকে ভাবা হয় দলের প্লেমেকার হিসেবে। অন্যদিকে ছয় কিংবা আট সাধারণত মিডফিল্ডারদের গায়েই শোভা পায়। এএফপি।