'রেষারেষি' নেই বেল-রোনালদোর

বোমাটা ফাটিয়েছিলেন বেলের এজেন্ট জোনাথন বার্নেট। কদিন আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সতীর্থরা ‘সহযোগিতা’ করছেন না ওয়েলশ উইঙ্গারকে। সতীর্থরা যথেষ্ট সহায়তা করলে তিনি রিয়ালের সেরা খেলোয়াড় হবেন। যেহেতু ‘রিয়ালের সেরা’ খেলোয়াড় হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা আসবে সবার আগে। কাজেই বার্নেটের দাবি মতে, কেবল সহযোগিতা পাচ্ছেন না বলেই রোনালদোকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বেলের!
এমন আলটপকা মন্তব্যে বেলের এজেন্টের ওপর বেজায় চটেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বেশ উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘এটা এমন একটা দুনিয়া, যেখানে বহু মানুষ কথা বলে। কখনো অতিরিক্ত কথা বলে। বেলের এজেন্ট তো কখনো আমাদের অনুশীলনেই আসেনি। দলের পরিবেশ সম্পর্কে তার কোনো ধারণা নেই। বাইরে থেকে সে কথা বলছে।’
এরপর রিয়াল কোচ দাবি করলেন সতীর্থদের সঙ্গে বেলের কোনো সমস্যা নেই, ‘সতীর্থদের সঙ্গে বেলের কোনো সমস্যা নেই এবং তার সঙ্গে সতীর্থদেরও কোনো সমস্যা নেই। শুধু শুধু অতিরিক্ত প্যাঁচাল। এ ক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। এ মৌসুমে বেলের পারফরম্যান্সে আমরা খুশি।’
এদিকে সাম্প্রতিক সময়ে রিয়ালের ব্যর্থতায় অনেক সমর্থক দায়ী করেছেন ইকার ক্যাসিয়াসকে। রিয়ালের দীর্ঘদিনের সেনানী ক্যাসিয়াসকে আগলেই রাখছেন আনচেলত্তি, ‘এটা লজ্জার। ক্যাসিয়াস অনেক অভিজ্ঞ। সে এসবে অভ্যস্ত। মনে করি না, এটা তার ওপর কোনো প্রভাব ফেলবে। বরং তাকে আরও উদ্বুদ্ধ করবে। কখনো কখনো এটা বোধগম্য, অনেক সময় নয়। আশা করি কাল (জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ) ভিন্ন কিছুই হবে। সকল সমর্থক বুঝবে, ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’ তথ্যসূত্র: রয়টার্স।
আরও পড়ুন: