'রোনালদোর সঙ্গে আমি কখনো তর্ক করি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর সঙ্গে মধুর সম্পর্ক বেলের। ছবি: এএফপি।
রোনালদোর সঙ্গে মধুর সম্পর্ক বেলের। ছবি: এএফপি।

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ব্যক্তিত্বের সংঘাত? এ ধরনের কোনো শঙ্কাই নেই। গ্যারেথ বেল নিজেই বলেছেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে তাঁর সম্পর্কটা দারুণ। ব্যক্তিত্বের সংঘাত দূরে থাক, রোনালদোর সঙ্গে কোনো দিন কোনো বিষয়ে তর্কও হয়নি তাঁর। দুজনের সম্পর্কটা অনেক সম্মানের, অনেক আন্তরিক।
২০১৩ সালে রোনালদোর ট্রান্সফার ফির রেকর্ড ভেঙেই রিয়ালে যোগ দিয়েছিলেন ওয়েলস তারকা বেল। বার্নাব্যুর শুরুর দিনগুলোতে ইংরেজি জানা রোনালদোই ছিলেন বেলের কথা বলার সঙ্গী, ‘আমি যখন প্রথম বার্নাব্যুতে আসি, তখন রোনালদোর সঙ্গেই আমার কথা হতো বেশি। সে ইংরেজিতে কথা বলতে পারে। রোনালদোর সঙ্গে আমার সম্পর্কটা আরও পুরোনো, ইংলিশ প্রিমিয়ার লিগে সে যখন খেলত, তখন থেকেই।’
এই রোনালদোর সঙ্গে কীভাবে তাঁর ব্যক্তিত্বের সংঘাত হয়, সেটা কীভাবে মিডিয়াতে মুখরোচক গল্প হয়, সেটা ভেবে পান না বেল, ‘আমরা রিয়ালে ভালো আছি। আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সংবাদমাধ্যম আমাদের নিয়ে অনেক কিছুই লিখেছে, যার বিন্দুবিসর্গও সত্যি নয়। আমাদের মধ্যে কখনোই কোনো সমস্যা ছিল না।’

মাঠে রোনালদোর প্যাশনটাকে আলাদা একটা সম্মানের চোখেই দেখেন বেল, ‘রোনালদোর মাঠের আবেগ অতুলনীয়। সবাই জানে, মাঠে সে কতটা প্রত্যয়ী।’
রিয়ালের ফ্রি-কিক মাস্টার দুজনই। কোন ফ্রি-কিকটা কে নেবেন, এটা নিয়েও কী মন–কষাকষি হয় না? বেল সোজাই জানিয়ে দিয়েছেন, ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে সব সময়ই একটা বোঝাপড়া কাজ করে, ‘এটা কোনো সমস্যা নয়। আগেই পরিকল্পনা থাকে বিষয়টা নিয়ে। মাঠের বাঁ দিকে ফ্রি-কিক পেলে আমি নিই, ডান দিকে রোনালদো। প্রতিটি খেলাতেই। ব্যাপারটা এখন আর বলে দিতে হয় না।’ সূত্র : দ্য টেলিগ্রাফ