'রোনালদো উল্টোপাল্টা কথা বলে আর ডাইভ দিয়ে বেড়ায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটের জবাবে রোনালদোকে এবার পাটকেল ছুড়লেন আইসল্যান্ড ডিফেন্ডার। ছবি: এএফপি
ইটের জবাবে রোনালদোকে এবার পাটকেল ছুড়লেন আইসল্যান্ড ডিফেন্ডার। ছবি: এএফপি

তোপটা ক্রিস্টিয়ানো রোনালদোই প্রথম দেগেছিলেন। আইসল্যান্ডের সঙ্গে ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করল পর্তুগাল। পর্তুগিজ অধিনায়ক ম্যাচের পর করলেন আইসল্যান্ডের রক্ষণাত্মক কৌশলের কড়া সমালোচনা। এবার জবাব এল উল্টো দিক থেকেও, একটু কড়া ভাষাতেই। সমালোচনার জবাব দিতে গিয়ে রোনালদোকে ‘ছিঁচকাঁদুনে’ বলেছেন আইসল্যান্ড ডিফেন্ডার কারি আরনাসন।

ইউরোর তারাদের ভিড়ে তিনি হচ্ছেন ধ্রুবতারার মতো। টুর্নামেন্টের শুরু থেকেই সবটুকু আলো তাঁকে ঘিরে। পর্তুগাল টুর্নামেন্ট জিতবে কি না, সেটিও নির্ভর করছে রোনালদো কতটা ভালো খেলেন, তার ওপর। কিন্তু কাল সেঁত এতিয়েনে প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারলেন না পর্তুগিজ ফরোয়ার্ড। পুরো ম্যাচেই তাঁকে নিষ্ক্রিয় করে রেখেছে আইসল্যান্ড রক্ষণ। সুযোগ যা-ও দু–একটা পেয়েছিলেন, সেগুলোতে রোনালদোসুলভ ‘ফিনিশিং’ দিতে পারলেন না।
হতাশা থেকেই কি না, ম্যাচ শেষে ৩১ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সমালোচনা করেছেন আইসল্যান্ডের কৌশলের, ‘গোলপোস্টের সামনে আইসল্যান্ড বিশাল বড় একটা বাস পার্ক করে রেখেছিল। জেতার কোনো চেষ্টাই করেনি ওরা।’ এমনকি ‘ভবিষ্যদ্বাণী’ করেছেন এবারই প্রথম ইউরোতে উঠে আসা আইসল্যান্ডের টুর্নামেন্ট ভাগ্য নিয়েও। বলে দিয়েছেন, এমন ‘সংকীর্ণতা মানসিকতা’ নিয়ে সিগার্ডসন-গুডজনসেনদের দল বেশি দূর যেতেও পারবে না।
কিন্তু বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই তারকার একজন হতে পারেন, তাই বলে রোনালদোর সমালোচনা মুখ বুজে সহ্য করবে কেন আইসল্যান্ড। পুরো ম্যাচে রাগনার সিগার্ডসনের সঙ্গে মিলে রোনালদোকে বোতলবন্দী করে রাখা ডিফেন্ডার কারি আরনাসন তো উল্টো কড়া সমালোচনাই করেছেন পর্তুগিজ অধিনায়কের, ‘ও একজন ছিঁচকাঁদুনে। ও হারতে চায়নি ঠিক আছে। কিন্তু ও কী চেয়েছিল, আমরা বার্সেলোনার মতো খেলব? ও তো শুধু উল্টোপাল্টা কথা বলে আর ডাইভ দিয়ে বেড়ায়।’ আরনাসনের ইঙ্গিতটা পরিষ্কার, গতকাল ম্যাচে একটা পর্যায়ে আইসল্যান্ড বক্সের সামনে নিজের পায়ে-পায়ে লেগে পড়ে গিয়েছিলেন রোনালদো। কিন্তু পড়ার পর দাবি করে বসলেন, তাঁকে ফাউল করা হয়েছে!
সে যাই হোক, রোনালদোর দাবির বিপরীতে আরনাসন উল্টো বলছেন ম্যাচটা তাঁদেরই জেতা উচিত ছিল, ‘অবশ্যই আমরা আন্ডারডগ ছিলাম। খেলেছিও আন্ডারডগের মতো। কিন্তু ভাগ্য পাশে ছিল না বলে ম্যাচটা জিততে পারিনি।’
এবার আপনার জবাবের অপেক্ষায়, রোনালদো।