'রোনালদোর ম্যাচে' বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারির শেষ বাঁশি বাজতেই মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে একেক করে হাত মেলালেন স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের খেলোয়াড়দের সঙ্গে।
না, তাঁর দল হারেনি। বরং ম্যাচ শেষের তিন মিনিট আগে করিম বেনজেমার গোলে স্পোর্টিংয়ের মাঠে পরশু ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। একটা রেকর্ডও এতে হয়েছে, টানা ২০তম বার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল টুর্নামেন্টের সফলতম ক্লাবটি। এরপরও রোনালদোর যা একটু অতৃপ্তি, সেটি হয়তো ঘরে ফেরার উৎসবটাকে আপন দ্যুতিতে রাঙাতে না পারার।
স্পেনের আরেক ক্লাব সেভিয়ার অতৃপ্তি আরও বড়। কোচ হোর্হে সাম্পাওলি ও ফরোয়ার্ড ফ্রাঙ্কো ভাসকেজ দেখেছেন লাল কার্ড। ঘরের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জুভেন্টাসের কাছে ৩-১ গোলে হেরেছে সেভিয়া।
রাতটা রোনালদোর হওয়ার সব প্রস্তুতিই ছিল। দুটি গোল হলেই ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি হয়ে যেত তাঁর। স্পোর্টিংও ‘কিং রোনালদো’কে বরণ করে নেয় সাদরে। ম্যাচের আগে স্টেডিয়ামের বড় পর্দায় স্পোর্টিংয়ের জার্সিতে তরুণ রোনালদোর কিছু ফুটেজ দেখানো হয়, শেষ ছবিটা ইউরোর ট্রফি হাতে রোনালদো।
এত ভালোবাসায় আপ্লুত রোনালদো ম্লান রইলেন কিন্তু ম্যাচজুড়ে। শৈশবের ক্লাবটির বিপক্ষে এর আগেও তিনটি ম্যাচ খেলে গোল পেয়েছেন সবগুলোয়। পরশুই গোল পেলেন না। অবশ্য রিয়ালের প্রথম গোলটিতে ছিল তাঁর ছোঁয়া। ২৯ মিনিটে কর্নার থেকে আসা বলটি রোনালদোর পায়ে লেগেই যায় রাফায়েল ভারানের দিকে, ফ্রেঞ্চ ডিফেন্ডার সেটিকে ঠেলে দেন জালে।
৬৪ মিনিটে জোয়াও পেরেইরা লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে পড়ে স্পোর্টিং। কিন্তু ১৬ মিনিট পর আদ্রিয়েন সিলভার পেনাল্টি গোলে উল্টো সমতা ফেরায় তারাই। ড্রয়ের প্রস্তুতিও হয়তো নিচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটি ভেস্তে দেন বেনজেমা। এমন লড়াই করে পাওয়া জয়েও খুশি রিয়াল কোচ জিনেদিন জিদান, ‘ভালো দিক হচ্ছে, আমরা হাল ছাড়িনি। ওভাবে গোল খাওয়ার পর জয় পাওয়াটা কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা লড়ে গেছি, গোলটাও পেয়েছি করিমের সৌজন্যে।’
শেষ ষোলো নিশ্চিত রিয়ালের, ঘরের মাঠে ডর্টমুন্ডের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচই ঠিক করবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তবে এত সুখবরের মাঝেও জিদানের কপালে ভাঁজ ফেলে দিতে পারে গ্যারেথ বেলের চোট! দ্বিতীয়ার্ধের শুরুতেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ওয়েলশ উইঙ্গার। কত দিন মাঠের বাইরে থাকবেন, সেটি জানা যায়নি।
জিদানের দুশ্চিন্তাও এ কারণেই, নয় দিন পরই যে বার্সেলোনার সঙ্গে এল ক্লাসিকো! ইএসপিএন, এএফপি।

এক নজরে
সিএসকেএ ১: ১ লেভারকুসেন
সেভিয়া ১: ৩ জুভেন্টাস
জাগরেব ০: ১ লিঁও
কোপেনহেগেন ০: ০ পোর্তো
লেস্টার ২: ১ ব্রুগা
স্পোর্টিং ১: ২ রিয়াল
মোনাকো ২: ১ টটেনহাম
* প্রথমে স্বাগতিক