'রোনালদোর সঙ্গে প্রতিযোগিতা কেবল স্প্যানিশ লিগেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজ-রোনালদো, খেলেন দুই চিরবৈরী ক্লাব রিয়াল-বার্সায় (ছবি: স্কাই স্পোর্টস)
সুয়ারেজ-রোনালদো, খেলেন দুই চিরবৈরী ক্লাব রিয়াল-বার্সায় (ছবি: স্কাই স্পোর্টস)
ক্লাবের হিসাব আলাদা, বিশ্বকাপের হিসাব আলাদা। দেশের হয়ে খেলার সময় খেলোয়াড়দের মাথায় থাকে কেবলই দেশের সম্মান। ব্যক্তিগত কিছু নয়


রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফুটবলের ‘চিরশত্রু’। স্বাভাবিকভাবেই এই দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিগত প্রতিযোগিতা থাকবে, এটি অস্বাভাবিক কিছু নয়। এই দুটি ক্লাবের হয়েই স্প্যানিশ লিগে মুখোমুখি হন মেসি-রোনালদো-সুয়ারেজ-ইসকো-ভাসানে-রামোসরা। তাঁরা সবাই নিজেদের ক্লাবের গর্ব ও সম্মান অক্ষুণ্ন রাখার লড়াই তো লড়েনই, ব্যক্তিগত পর্যায়েও একে অন্যকে ছাড়িয়ে যেতে চান তাঁরা।

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর লুইস সুয়ারেজ আজ বিশ্বকাপেও মুখোমুখি নিজ নিজ দেশের জার্সিতে। স্প্যানিশ লিগে সব সময়ই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মরিয়া রোনালদো-সুয়ারেজের আজকের লড়াইয়েও কি থাকবে রিয়াল-বার্সা দ্বৈরথের ঝাঁজ? উরুগুয়ের তারকা সুয়ারেজ অবশ্য তেমনটি মনে করেন না। তাঁর মতে, রোনালদোর সঙ্গে তাঁর প্রতিযোগিতাটা কেবলই স্প্যানিশ লিগে সীমাবদ্ধ।


সুয়ারেজের মতে, ক্লাব ও জাতীয় দল পুরোপুরি ভিন্ন বিষয়, ‘ক্লাবে রোনালদোর সঙ্গে প্রতিযোগিতাটা অনেকটাই ভিন্ন। সেটিকে দেশের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ক্লাবের চেয়ে দেশ অনেক বড় বিষয়, এই ম্যাচে আমাদের দুজনের মাথাতেই থাকবে দেশের সাফল্য, দেশের সম্মান। আমরা সবাই এখানে নিজেদের দেশের হয়ে লড়তে এসেছি।’

আজ রাত ১২টায় রাশিয়ার সোচিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে রোনালদোর পর্তুগাল ও সুয়ারেজের উরুগুয়ে। গ্রুপ পর্বে একটিও গোল না খাওয়া উরুগুয়ে কি পারবে রোনালদোদের বিপক্ষে নিজেদের গোলহীন রাখতে?