'লজ্জা'র ড্রয়ের জন্য মাঠ দায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামব্রিজের বিপক্ষে ইউনাইটেড জিততে পারেনি মাঠের জন্য!
ক্যামব্রিজের বিপক্ষে ইউনাইটেড জিততে পারেনি মাঠের জন্য!

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্যামব্রিজ ইউনাইটেডের তুলনা? কার সঙ্গে কার তুলনা! এক গাল হেসেই উড়িয়ে দেবেন কথাটা! অথচ গতরাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে এই ক্যামব্রিজকে কিনা হারাতেই পারল না লুই ফন গালের ছাত্ররা! ক্যামব্রিজের মাঠে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে তারকায় ঠাসা ইউনাইটেড। আর এই লজ্জাজনক ড্রর জন্য কোচ ফন গালের মতে নাকি দায়ী মাঠ!
ইংলিশ ফুটবলের চতুর্থ বিভাগের পুঁচকে দল ক্যামব্রিজের বিপক্ষে পরাজয়ের সমতুল্য ড্রর পর ফন গাল বললেন, ‘আমাদের এখানে আসতে হয়েছে। মাঠটা একেবারেই ভালো ছিল না। খেলার ধরন পাল্টাতে এর (মাঠ) প্রভাব রয়েছে। প্রতিপক্ষ স্বাভাবিকের চেয়েও অনেক ভালো খেলেছে। ’ ক্যামব্রিজের অতিরক্ষণাত্মক কৌশল নিয়ে ইউনাইটেড কোচের সমালোচনা, ‘সব সময়ই আক্রমণের চেয়ে রক্ষণ সহজ। ’ এ ছাড়া রেফারির ক্রিস ফইয়ের অনেক সিদ্ধান্তও পছন্দ হয়নি ইউনাইটেডের ডাচ কোচের। তবে রেফারির উদ্দেশে সরাসরি কিছু বলতে চাননি, ‘আপনি আপনার মতামত দিতে পারেন, আমি পারি না। ’ এরপর বললেন, ‘এমন পরিপ্রেক্ষিতে এ ধরনের প্রতিপক্ষকে হারানো কঠিন। ম্যাচের সব কিছুই আমাদের বিপক্ষে ছিল। ’
ক্যামব্রিজের মাঠ আবে স্টেডিয়ামের ধারণক্ষমতা সাকল্যে আট হাজার। ম্যাচের আগেও ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ডাগআউটে দাঁড়িয়ে তখন ফন গাল ও বদলি গোলরক্ষক ভিক্টর ভালদেস। সেখানেই এক দর্শক হুড়মুড়িয়ে পড়লেন রক্তাক্ত অবস্থায়। কীভাবে ঘটল ঘটনাটা, সেটা অবশ্য জানা যায়নি। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স ও মেইল অনলাইন।