'লাভ' হলো কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ ৪২: ১৫ বার্সেলোনা! মাঠের লড়াইয়ে নয়, আর্থিক লাভালাভের অঙ্কে এভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিয়েছে রিয়াল। অবশ্য রিয়ালের চেয়ে বার্সার আয় হয়েছে বেশি। কিন্তু ব্যয়টাও অনেক বেশি হওয়ায় রেকর্ড পরিমাণ আয় করেও বার্সার মোট লাভের অঙ্ক কমেছে।

আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ডই গড়েছে বার্সা। গত বছরের ৫৩৩ মিলিয়ন ইউরোর চেয়ে ১৫ শতাংশ বেড়ে এ বছর বার্সেলোনার বার্ষিক আয় দাঁড়িয়েছে ৬৯০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটি ৫৯৫ কোটি ৬০ লাখ টাকা। কিন্তু গত বছর ৪১ মিলিয়ন ইউরো লাভ করা বার্সার এবারের লাভ এসে দাঁড়িয়েছে মাত্র ১৫ মিলিয়ন ইউরোতে।

রিয়ালের তুলনায় বার্সা বেশি আয় করেছে ২৯.৪ মিলিয়ন ইউরো (২৫৩ কোটি ৮৪ লাখ টাকা)। কিন্তু রিয়াল বার্সার চেয়ে ২৭ মিলিয়ন ইউরো (২৩৩ কোটি টাকা) বেশি লাভ করেছে।

গত মৌসুমে মাঠে সময়টা দুর্দান্ত কেটেছে বার্সার। দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতেছে। মাঠের সাফল্য প্রভাব ফেলেছে কোষাগারেরও। তাই প্রশ্ন ওঠে, রেকর্ড আয় করেও কেন লাভ কমে গেল বার্সার? আসলে খেলোয়াড়দের বোনাস ও ট্রান্সফার ফির পেছনে বার্সাকে ঢালতে হয়েছে গুচ্ছের টাকা। ফিফার নিষেধাজ্ঞার কারণে এ বছর নতুন কোনো খেলোয়াড়কে কিনতে পারবে না বার্সা। এ কারণে আগেই খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে।

গত বছর লুইস সুয়ারেজ, ইভান রাকিতিচ ও ক্লদিও ব্রাভোদের পেছনে ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে ক্লাবটিকে। আয়ের সঙ্গে পাল্লা দিয়ে দেনাও বেড়েছে বার্সেলোনার। বার্সার দেনার পরিমাণ ২৮৭ মিলিয়ন ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২৮ মিলিয়ন ইউরোতে।

এত আয় করেও বার্সার প্রধান হিসাবরক্ষক বলতেই পারেন, তাতে ‘লাভ’ হলো কী? এএফপি।