'লালগালিচা নয়, সবুজ মাঠই পছন্দ'
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। এই মুহূর্তে বিশ্বসেরা গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যারের নামই বলবেন অনেকে। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান গোলরক্ষক বললেন মাঠ ও মাঠের বাইরের অনেক কিছু নিয়েই

:বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কারে আপনার একজন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর তো গ্ল্যামারের অভাব নেই। আপনি কি মনে করেন পুরস্কার জিততে এটা জরুরি কিছু?
ম্যানুয়েল নয়্যার: আমার মনে হয় না ব্যাপারটা এ রকম। আমি একজন ক্রীড়াবিদ, কোনো পণ্যদূত নই। অন্তর্বাস পরে দাঁড়ানোর তো আমার দরকার নেই।
:একজন ফুটবল তারকাকে কি প্রচারমুখী হতে হয়?
নয়্যার: লালগালিচা আমি পছন্দ করি না। আমার সবুজ মাঠই পছন্দ। আমি অনুশীলনে থাকতেই পছন্দ করি, সেখানে নিজের খেলার উন্নতির সুযোগ থাকে। প্রচারে আসতে আমার আপত্তি নেই, তবে সেটা সবকিছু ঠিকঠাক মিললেই।
:গোলরক্ষক হওয়াটা কি পুরস্কার জয়ে আপনাকে বাড়তি সুবিধা দেবে?
নয়্যার: ঠিক তা নয়। ম্যাচের পর টিভি চ্যানেলগুলো গোল, মিস, অ্যাসিস্ট আর কারিকুরি দেখাতেই বেশি ব্যস্ত থাকে। দুর্ভাগ্যজনকভাবে যেভাবে আমি লাইন থেকে বের হয়ে ঝুঁকি নিই বা সেভ করি, সেটা সব সময় দেখানো হয় না।
:জার্মানি কোচ জোয়াকিম লো বলেছেন, বিশ্বকাপে ‘সুইপার-কিপার’ ধরন দিয়ে আপনি বিশ্ব ফুটবলে বড় একটা পরিবর্তন এনেছেন। একমত?
নয়্যার: আমি আসলে হিসাব করি কম ঝুঁকি নিয়ে সবচেয়ে ভালোভাবে কাজটা করার। আগে মানুষ বলত, ‘ও কেন লাইন ছেড়ে বেরিয়ে এসেছে?’, আর এখন মানুষ বলে, ‘বেরিয়ে আসেনি কেন?’ কিছু না কিছু তো বদলেছেই।
:প্রথাগত গোলরক্ষক ও সাধারণ খেলোয়াড়—এই দুই ভূমিকায় খেলতে গিয়ে কি আপনার ভারসাম্য হারানোর কোনো আশঙ্কা আছে?
নয়্যার: একদমই না। আমি এসব নিয়ে নিরুদ্বিগ্ন থাকার চেষ্টা করি। আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ, এলেবেলেভাবে আমি করি না। আমি জানি, এখানে একটু এদিক-সেদিক হলে বাজেভাবে মূল্য দিতে হতে পারে। আমি ঝুঁকি নিয়ে ফেলি সেটা মানছি, কিন্তু মাথা ঠান্ডা রাখাটাই বড় কথা। আর লাইন ছেড়ে বেরিয়ে আসার জন্য আপনি আসলে অনুশীলন করতে পারেন না। অনুমানক্ষমতা খুব ভালো হতে পারে, খেলাটা পড়তে পারাটাও ভালো। যখন আমি ভালো ভালো ডিফেন্ডারের সঙ্গে খেলি, তারা জানে আমি সচেতন ও সতর্ক। সবাই তখন একটু নির্ভার থাকে।
:আপনার গোলকিপিং ধরনটা ভবিষ্যতে কেমন হতে পারে?
নয়্যার: লক্ষ্যটা হচ্ছে উঁচু মানটা ধরে রাখা, ছোট ছোট বিষয়ে আরও উন্নতি করা, আমি নিজের দৈনন্দিন অনুশীলনের ধরন বদলাব না।
:একজন গোলরক্ষক কখন নিজের শিখরে পৌঁছায়?
নয়্যার: আমি এখন দারুণ বোধ করছি (নয়্যারের বয়স ২৮। আমি জানি না ৩০ পেরোলে কেমন লাগবে, সবকিছু আসলে ফিটনেসের ওপর নির্ভর করে। অনুশীলন যদি ভালোমতো হয়, আমি জানি খেলার সময় আমি ঠিকই থাকব।
:বিশ্বকাপের পর জার্মানি চার ম্যাচে আট গোল খেল কেন?
নয়্যার: আমাদের এখন চারজন নতুন ডিফেন্ডার খেলছে, ওদের তো খাপ খাইয়ে নেওয়ার সময় দিতে হবে। বিশ্বকাপের পর আমাদের ঠিক পথটা খুঁজে নিতে হবে। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অবসর নিয়েছে। খেদিরা, শোয়েনস্টাইগার ও ওজিলের মতো খেলোয়াড়েরা তো চোটের জন্য নামতেই পারেনি।
:এখানে কি হেলাফেলা করার কোনো ব্যাপার ছিল?
নয়্যার: আমরা স্রেফ কিছু ভুল করেছিলাম। আয়ারল্যান্ডকে আমরা দুই থেকে তিনটি গোলের সুযোগ করে দিয়েছিলাম। এমনিতে রক্ষণটা ভালোই সামলেছি। সত্যি বলতে কি, সুইডেনের সঙ্গে ৪-৪ ড্রতে (২০১৪ বিশ্বকাপ বাছাইয়ে) যে সমস্যাটা হয়েছিল, এবারও সেটাই হয়েছে। আমরা বেশি পেছনে সরে এসেছিলাম, বলটা ঠিকঠাক দখলে রাখতে পারিনি। নিজেদের খেলাটা খেলতে পারিনি।
:জেরোম বোয়েটাংই ইদানীং জার্মানির রক্ষণভাগে নিয়মিত খেলছে। এই ব্যাপারটা তো আপনার কাজটা কঠিন করে দেওয়ার কথা...
নয়্যার: আমরা ওকে পেয়ে খুশি। সে বিশ্বের সেরা সেন্টারব্যাকদের একজন। এটা ভালো যে ও ফিট আছে, প্রতি ম্যাচেই খেলতে পারছে।
:জার্মানির ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেছেন, আপনাদের প্রতি ম্যাচেই বিশ্বসেরাদের মতো খেলতে হবে...
নয়্যার: অবশ্যই। সেরাকে হারানোটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই একসময় বার্সেলোনাকে হারাতে চাইত, পরে বায়ার্নকেও। এমনি এমনি তো আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হইনি। আমাদের এখন প্রমাণ করতে হবে যোগ্য দল হিসেবেই জিতেছি।
:জাতীয় দলে ২০১৫ সালে উন্নতির কি সুযোগ আছে?
নয়্যার: আমরা একটা পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের নতুন খেলোয়াড়েরা ধীরে ধীরে থিতু হবে, বিশ্বকাপের পরের প্রভাবটা এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। সেই টুর্নামেন্টে সবাই নিজেদের শেষবিন্দু উজাড় করে দিয়েছিল। আমরা ২০১৬ ইউরো জিততে চাই, স্প্যানিশরা যেটা করেছে, সেটা করে দেখাতে চাই।
:জার্মানি কি ২০১৬ ইউরোতে নিশ্চিতভাবেই যাচ্ছে?
নয়্যার: বাছাইপর্বে কিছু পয়েন্ট হারানোয় কাজটা একটু কঠিন হয়ে গেছে, কিন্তু আমরা আশাবাদী।
:বিশ্বকাপ খেলোয়াড় ও মানুষ হিসেবে আপনাকে কতটুকু বদলে দিয়েছে?
নয়্যার: ফুটবলার হিসেবে একই আছি, কিন্তু মানুষের চোখে আমি আর আগের মতো নেই।