'লেট লতিফ' মরিনহো!

মাঠে তাঁর ছাত্ররা যেন নিজেদের উজাড় করে দিতে পারে, সেজন্য ভীষণ তৎপর থাকেন মরিনহো। তাঁর কাজই তো তা-ই। বেঁধে দেওয়া ওই ৯০ মিনিটেই যা করার করতে হবে। মাঠের ব্যাপার নিয়ে অভিযোগ নেই। মাঠের বাইরে চেলসি কোচের সময়জ্ঞান নিয়ে উঠেছে প্রশ্ন। তাঁর গায়ে এখন ‘লেট লতিফ’ তকমা লেগে যাওয়ার উপক্রম।
তাঁর লেট লতিফ অভিধা গড়িয়েছে উয়েফা অবধি। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ব্যাপারটি নিয়ে কতটা ক্ষুব্ধ, সেটা বোঝা গেল একটা চিঠিতে। সম্প্রতি মরিনহোর এই দেরির দোষ নিয়ে চেলসিকে চিঠি দিয়েছে উয়েফা। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে মধ্যবিরতির পর চেলসি মাঠে নেমেছে বেশ দেরি করে। এ ধরনের খেলাগুলোতে স্পন্সর ও টেলিভিশন নেটওয়ার্কের কাছে আয়োজক কর্তৃপক্ষ নানাভাবে অঙ্গীকারবদ্ধ। দেরি হলে বাণিজ্যিক দিকটি যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, চিঠিতে সে কথাগুলোই লেখা হয়েছে।
চেলসির এই বিলম্ব-কাণ্ড যে মরিনহোর কারণেই ঘটছে, এ ব্যাপারে নিশ্চিতও হয়েছে উয়েফা। আর তাই পর্তুগিজ এই কোচের ওপর এখন থেকে শ্যেন-দৃষ্টিই যে পড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিলম্ব-কাণ্ড নিয়মিত হতে থাকলে মরিনহো নিষিদ্ধও হতে পারেন চ্যাম্পিয়নস লিগ থেকে।
তবে যাকে নিয়ে এই সমস্যা, সেই মরিনহো উয়েফার চিঠিতে শোধরাবেন বলে মনে হচ্ছে না। কারণ বিষয়টি নিয়ে তাঁর কোনো অনুশোচনাই নেই। উল্টো তিনি তাঁর বিলম্ব-কাণ্ডের পক্ষে সাফাই গেয়েছেন সহজ-স্বাভাবিকভাবেই, ‘প্রথমার্ধের ভুল শুধরাতেই বিরতির সময়টাকে কাজে লাগাই। ভুলগুলো শুধরে ওঠার জন্য সময়টা বেশ অপ্রতুলই।’ সূত্র: মার্কা