'লোভী' নেইমার পথ দেখাবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর ফুটবল খেলে শিরোপা জেতা ছাড়া নাকি ব্রাজিলের মানুষকে সন্তুষ্ট করা কঠিন। কথাটা এখন হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন নেইমাররা?
শিরোপা জেতা পরের ব্যাপার, সোনার স্বপ্ন নিয়ে রিও অলিম্পিকে যাত্রা শুরু করে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। নিজেদের ভুলের মাশুল গুনে ১০ জনের দক্ষিণ আফ্রিকার সঙ্গেও করেছে গোলশূন্য ড্র। চারদিক থেকে তাই ধেয়ে আসছে সমালোচনা। ইরানের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সেগুলোর জবাব দিতে পারবে ব্রাজিল?
ফুটবলে অলিম্পিক সোনার হাহাকার রিওতেই ঘোচানোর স্বপ্ন দেখছে ব্রাজিল। কিন্তু প্রথম ম্যাচেই সেই স্বপ্নে লেগেছে ধাক্কা। ম্যাচের পরই ব্রাসিলিয়ার ৭০ হাজার দর্শক দুয়ো দিয়েছেন, সমালোচনা চলছে ম্যাচের পরও। স্বাভাবিকভাবে প্রত্যাশা যাঁকে ঘিরে বেশি, সেই নেইমারকে ঘিরেই সমালোচনা বেশি। সেদিন ‘প্লে-মেকারের’ ভূমিকায় খেলা বার্সেলোনা ফরোয়ার্ডকে কেউ বলছেন ‘লোভী’, কারও চোখে তিনি মাঠে ছিলেন থেকেও না থাকার মতো।
ইএসপিএন ব্রাজিল লিখেছে, ‘স্বার্থপর নেইমার আসলে ব্রাজিলের অলিম্পিক দলের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।’ ব্রাজিলের পত্রিকা ও গ্লোবোও লিখেছে, ‘১৭ দিন ধরে যা অনুশীলন করেছে ব্রাজিল, যে প্রতিশ্রুতি বারবার শুনিয়েছে, মাঠে ব্যাখ্যাতীতভাবে ঠিক তার বিপরীতটাই করল। নেইমারকে তো খুঁজেই পাওয়া যায়নি।’
কথা পুরোপুরি মিথ্যাও নয়। ম্যাচে মোট ২৭ বার বল হারিয়েছিলেন নেইমার। ধারণা করা হচ্ছে, মাঠের ভেতরের দিকে এসে প্লে-মেকার হিসেবে খেলার কারণেই এমনটা হয়েছে। বেশি ডিফেন্ডার ঘিরে ছিল তাঁকে, তাই বলও হারিয়েছেন বেশি। তবে নেইমার এখনো নিজের সিদ্ধান্তে অটল। নিজের খেলার ধরনটাকে বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে তুলনা করে বলেছেন, ‘এটা অনেকটা বার্সেলোনা যেভাবে খেলে সে রকম। মেসিই খেলাটা গড়ে দেয়। বল নিয়ে ও-ই বেশি কাজ করে, বল ছাড়াই আমাদের দৌড়াতে হয় বেশি। এ কারণেই মেসির কাছে বারবার বল দেওয়া নিয়ে আমরা ভাবি না। কিন্তু অনেকেই এ ব্যাপারটা বুঝতে চায় না।’
নেইমারের স্বস্তি, কোচ রোজেরিও মিকালের পূর্ণ আস্থায় আছেন তিনি। প্রথম ম্যাচে নেইমারের পারফরম্যান্সে অনেক দিন মাঠের বাইরে থাকার প্রভাব দেখছেন মিকালে। ২২ মের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি বার্সেলোনা ফরোয়ার্ড। মিকালের বিশ্বাস, ‘টুর্নামেন্ট যত এগোবে, ও তত ভালোভাবে মানিয়ে নেবে। ওর ওপর আমার পূর্ণ আস্থা আছে।’ নেইমার মানিয়ে নিতে না পারলে ব্রাজিলের জন্যই সমস্যা। ব্রাসিলিয়ায় আজ ইরাকের বিপক্ষে আরেকটি হোঁচট যে সোনার স্বপ্নটাকে ফেলে দিতে পারে আরও অনিশ্চয়তার মধ্যে।
ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও আজ যেকোনো মূল্যে জিততে চাইবে। পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে রিও অলিম্পিকে যাত্রা শুরু হয়েছিল আলবিসেলেস্তেদের। আলজেরিয়ার বিপক্ষে আজ না জিতলে হয়তো বাড়ি ফেরার টিকিট কাটতে হতে পারে কোরেয়া-সিমিওনেদের। এএফপি।