'শত্রু'র মুখোমুখি সুয়ারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ ছবি: এএফপি
লুইস সুয়ারেজ ছবি: এএফপি

জর্জো চিয়েল্লিনি আর প্যাট্রিস এভরা তাঁকে কম ভোগাননি! উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও এই চিয়েল্লিনি আর এভরার সঙ্গে যা করেছেন, তাকে ঠিক সভ্য মানুষের কাজ হিসেবে অভিহিত করা যায় না। একজনকে ক্ষতবিক্ষত করেছেন কামড় দিয়ে, অপরজনকে গালি দিয়েছেন গায়ের রং উল্লেখ করে। দুটি কাণ্ডের জন্যই ভিন্ন মেয়াদে শাস্তি ভোগ করতে হয়েছে সুয়ারেজকে। চিয়েল্লিনিকে কামড়ে দিয়ে তো বিশ্বকাপে খেলারই অধিকার হারালেন তিনি। সময়ের স্রোতে এই তিন চরিত্র আবারও এক হচ্ছেন আগামী ৬ জুন বার্লিনে। তবে এই সম্মিলনে সুয়ারেজের প্রতিদ্বন্দ্বী থাকছেন চিয়েল্লিনি ও এভরা। 
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ১৯ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলছে জুভেন্টাস। বায়ার্নকে গোল ব্যবধানের পার্থক্যে এক দিন আগেই ইউরোপ-সেরা হওয়ার এই প্রতিযোগিতার ফাইনালে পা রেখেছে বার্সেলোনা। কাল জুভেন্টাসের ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই এই দুই জায়ান্টের লড়াই ছাপিয়ে আলোচনার টেবিল দখল করে নিয়েছেন সুয়ারেজের সঙ্গে চিয়েল্লিনি ও এভরার মুখোমুখি হওয়ার বিষয়টি।
চিয়েল্লিনিকে কামড়ে দেওয়ার বর্ষপূর্তিতে তাঁর সঙ্গে আবার মাঠে নামছেন সুয়ারেজ। গত বছর বিশ্বকাপে ইতালির বিপক্ষে ম্যাচে সুয়ারেজের এই কাণ্ডের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। বিশ্বকাপ তাঁর শেষ হয়ে গিয়েছিল সেখানেই। বহিষ্কারাদেশ থাকায় বার্সেলোনায় যোগ দিয়েও নভেম্বরের আগে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারেননি। এভরার ঘটনাটা আরও আগের। সেই ২০১১ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে এভরাকে বর্ণবাদী গালি দিয়েছিলেন সুয়ারেজ। সেই ঘটনায় আট ম্যাচের বহিষ্কারাদেশ তাঁর হাতে ধরিয়ে দেয় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। জরিমানা করা হয় ৪০ হাজার পাউন্ড। এর জেরে এই দুই দলের পরের ম্যাচে একে অন্যের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন সুয়ারেজ ও এভরা।
আগামী ৬ জুনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাই এই তিন ফুটবলারের সম্মিলনটা হয়ে উঠছে যথেষ্টই কৌতূহলোদ্দীপক। এভরা অবশ্য সোজা-সাপটাই জানিয়ে দিয়েছেন, ৬ জুন জুভেন্টাসের জার্সি গায়ে সুয়ারেজের সঙ্গে অতীতের তিক্ততা ভুলেই হাত মেলাবেন তিনি, ‘আমি যা, আমি তা-ই। আমি যা, তা নিয়ে আমি গর্ব অনুভব করি। হতে পারি আমি কালো। কিন্তু আমি আমার গায়ের রং নিয়ে হীনমন্য নই। আমার দিক দিয়ে কোনো সমস্যা নেই। আমি অবশ্যই সুয়ারেজের সঙ্গে হাত মেলাবো। অতীতে কী হয়েছিল তা এখন পুরোপুরিই অতীত। আমি তিক্ততা ভুলে গিয়েছি।’ সূত্র: এএফপি