'শনি'র দশায় মেসি-রোনালদো!

ব্রাজিলের বিপক্ষে মেসির পেনাল্টি মিস! আর্জেন্টাইন-সমর্থকেরা সইবেন কীভাবে এই ধাক্কা? বেইজিংয়ের বার্ডস নেস্টে আর্জেন্টিনা-সমর্থকদের প্রত্যাশার ফানুসটা উড়েছিল আকাশজুড়েই। কিন্তু দলের সেরা খেলোয়াড়টিই যেখানে ব্যর্থ, সেখানে বাকিরা অনুপ্রেরণা পাবেন কোত্থেকে? ফল, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার। হোক না সে প্রীতি ফুটবল, বিশ্ব ফুটবলে এ যেন এক ছাড় না দেওয়া যুদ্ধ। যে যুদ্ধে ছেড়ে দেওয়া যায় না সূচ্যগ্রমেদিনীও।
আট হাজার কিলোমিটারের ব্যবধানে প্যারিসে মেসির ‘ঘোর প্রতিদ্বন্দ্বী’ ক্রিস্টিয়ানো রোনালদোও মাঠে নেমেছিলেন কাল। মেসির খেলা শেষ হয়ে যাওয়ার সাত ঘণ্টা পর। মেসির ব্যর্থতার দিনে কথাযুদ্ধের রসদ নিতে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটিতে আগ্রহভরেই চোখ রেখেছিলেন রোনালদো-ভক্তরা। কিন্তু মেসির ব্যর্থতার দিনে নিজেকে প্রবল-প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই ব্রাকেটবন্দী রাখলেন রোনালদো। ব্যর্থতার ঘেরাটোপ থেকে বের হতে পারলেন না তিনিও। ফল পর্তুগালের হার।
শনিবার দিনটা যেন শনির দশাতেই কাটল বিশ্ব ফুটবলের দুই মহাতারকার। সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলা এই দুই তারকাকে দেশের জার্সি গায়ে আরও একবার অনুজ্জ্বল দেখাল। মেসি তাও বল-টল নিয়ে ব্রাজিলের অন্তরাত্মা কাঁপানোর চেষ্টা করেছেন। কিন্তু ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের রোনালদো ছিলেন একেবারেই নিষ্প্রভ। বোতলবন্দী অবস্থায় কাটিয়ে দিলেন পুরোটা সময়।
মেসি পেনাল্টি মিস করেছেন, রোনালদোও খুব পিছিয়ে ছিলেন না। খেলার দ্বিতীয়ার্ধে নানির পাস থেকে মোটামুটি ফাঁকায় বল পেয়েও তা মারলেন ফরাসি গোলরক্ষকের হাতে। সর্বশেষ কদিনে রোনালদো গোল মিস করেছেন কয়টা—এই পরিসংখ্যান দিতে বললে নিশ্চয়ই মহা বিপদে পড়ে যাবেন বোদ্ধারা। বার্সেলোনার হয়ে মেসি যেভাবে গোল বানিয়ে যাচ্ছেন, তাঁর ছিটেফোঁটাও দেখা গেল না ব্রাজিল ম্যাচে, আর্জেন্টিনার জার্সি গায়ে। তবে কী প্রতিপক্ষে খেলা বার্সা সতীর্থ নেইমারকে বড্ড মিস করছিলেন তিনি! আরও একটি তথ্য দিয়ে রাখা যায়, কালকের পেনাল্টি মিস করে টানা দ্বিতীয় স্পটকিক মিসের ব্যর্থতা গায়ে মেখেছেন এই আর্জেন্টাইন তারকা।
ব্রাজিল ম্যাচ শেষ করেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেসি। ব্রাজিলের বিপক্ষে হারটাকে ‘দুঃখজনক’ বললেও জয়ের জন্য ‘চেষ্টা চালানো’র কথাটি বলেছেন তিনি, ‘আমরা সব সময়ই এই ম্যাচটা জেতার চেষ্টা করেছি। ভালো খেলারও চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা জিততে পারিনি।’
হারের জন্য দুটি বড় ভুলকে দুষেছেন মেসি। যার একটি তাঁর নিজের পেনাল্টি মিস, ‘পেনাল্টিটা কাজে লাগাতে পারলে আর প্রথমার্ধের গোলের সুযোগটি মিস না করলে খেলার ফল অন্য রকম হতে পারত।’
ব্যর্থতার দিনে মেসি তাও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। রোনালদোকে দেখা গেছে হাঁটুতে বরফ লাগিয়ে বসে থাকতে। চেহারা ছিল ক্লান্তি আর ব্যর্থতার গ্লানিতে দ্যুতিহীন।
নাহ, এই দুজনের এমন ব্যর্থতার দিন প্রত্যাশিত নয় কারও কাছেই! সূত্র: এএফপি।