'শাপেকোয়েনস ট্র্যাজেডি'র কথা মনে আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা বলছেন শাপেকোয়েনসের নিহত ফিজিও সিজার মার্টিনসের স্ত্রী ফ্যাবিয়েনে বেলে (বাঁয়ে)। পাশে আরেক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মারিও সের্জিও। ছবি: রয়টার্স
কথা বলছেন শাপেকোয়েনসের নিহত ফিজিও সিজার মার্টিনসের স্ত্রী ফ্যাবিয়েনে বেলে (বাঁয়ে)। পাশে আরেক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মারিও সের্জিও। ছবি: রয়টার্স

গত নভেম্বরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলীয় ক্লাব শাপেকোয়েনসের প্রায় গোটা দলটাই নিশ্চিহ্ন হয়ে যায়। এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল নিহত খেলোয়াড় ও স্টাফদের পরিবার। শাপেকোয়েনস ও ব্রাজিল সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেখাশোনা করা হবে। কিন্তু এত দিনেও কেউ কথা না রাখায় মুখ খুলতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের দাবি, দুর্ঘটনার সুবিচার ও ক্ষতিপূরণ। এই পরিবার নিজেদের অবহেলিতই মনে করছে।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দুঃখের কথাই বলেছেন সেই বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনসের ফিজিও সিজার মার্টিনসের স্ত্রী ফ্যাবিয়েনে বেল, ‘এটা তো ঘটতই। আমাদের কাছ থেকে যেসব জীবন কেড়ে নেওয়া হয়েছে, সে জন্য শাপেকোয়েনস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এর দায়ভার নিতেই হবে।’
কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে কলম্বিয়ায় যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় ১৯ ফুটবলার হারায় শাপেকোয়েনস। এ ছাড়া ক্লাবটির কয়েকজন স্টাফও নিহত হন। দুর্ঘটনার তদন্তে কলম্বিয়ার বিমান চালনা কর্তৃপক্ষ জানিয়েছিল, সম্ভবত জ্বালানি তেল ফুরিয়ে যাওয়াতেই ঘটেছিল সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা। নিহত পরিবারগুলোর দাবি, খেলোয়াড়দের আপত্তি থাকা সত্ত্বেও বলিভিয়ার ‘লা মিয়া’ প্রতিষ্ঠানের বিমান ভাড়া করেছিল শাপেকোয়েনস কর্তৃপক্ষ। খেলোয়াড়েরা নাকি তখন ‘লা মিয়া’র বিমান পরিচালনানীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ফ্যাবিয়েনে বেলে জানান, সেই আসরেরই শুরুর রাউন্ডে শাপেকোয়েনসের ম্যাচ ছিল কলম্বিয়ার বারানকুইলায়। সেখানে যেতে বলিভিয়ার সীমান্ত থেকে খেলোয়াড়দের তোলা হয়েছিল একটি ভ্যানে, যার কোনো দরজা ছিল না। বিমানবন্দরে সেই ভ্যান পৌঁছেছিল নির্ধারিত সময়ের ২২ ঘণ্টা পরে! বেলে মনে করেন, এতে শাপেকোয়েনসের দায়িত্বজ্ঞানহীনতার ব্যাপারটিই সামনে চলে আসে, ‘সেদিন রাতে যে দুর্ঘটনা ঘটেছিল, তা আসলে অতীত দায়িত্বজ্ঞানহীনতার জন্য। শাপেকোয়েনস এর আগেও কয়েকবার এমন করেছে। এসব ব্যাপারে মনোযোগী হওয়ার ঘাটতি ছিল তাদের।’
বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলারদের ১৬টি পরিবার মিলে একটি সংগঠন করেছে, যার সদস্যসংখ্যা ৫৪। এসব সদস্যের দাবি, দুর্ঘটনার বিমা-সংক্রান্ত কাগজপত্র তাঁদের দেখতে দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে দুই লাখ ডলারের চেক ধরিয়ে দিয়েই দায়িত্ব সেরেছে বিমাপ্রতিষ্ঠান। বেলের মতে, ‘দেখে মনে হয়েছে এ যেন সান্ত্বনা পুরস্কার! কিছু পরিবার এ পরিমাণ অর্থই নিতে চেয়েছে, কারণ নয় মাস ধরে তাঁদের কোনো আয়-রোজগার ছিল না।’ সূত্র: রয়টার্স