'শোয়েইনি'কে মিস করছেন লাম-নয়্যাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েনস্টাইগারকে মিস করছেন পুরোনো সতীর্থেরা ছবি: এএফপি
শোয়েনস্টাইগারকে মিস করছেন পুরোনো সতীর্থেরা ছবি: এএফপি

পুরো বিষয়টিই অদ্ভুত ঠেকছে বায়ার্ন মিউনিখ ফুটবলারদের কাছে। বাস্তেইন শোয়েনস্টাইগার নেই দলে! এটা কীভাবে হয়। যে খেলোয়াড়টি তাঁর ক্যারিয়ারের প্রায় পুরো সময়টাই বেভারিয়ানদের সেবা করেছে, যে খেলোয়াড়টি পাঁচশোর ওপর ম্যাচে নিজেকে প্রমাণ করেছে, সে খেলোয়াড়টিই আজ অনুপস্থিত বায়ার্নের খেলোয়াড় তালিকায়! ফিলিপ লাম, ম্যানুয়াল নয়্যাররা যেন ধাতস্থই হতে পারছেন না বিষয়টার সঙ্গে।
জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকা আসছে মৌসুমে খেলতে যাচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ডট্র্যাফোর্ডে প্রথম জার্মান হিসেবে তাঁর এই নতুন চ্যালেঞ্জটা কেমন হবে, সেটা পরের কথা! আপাতত প্রিয় ‘শোয়েইনি’কে বড্ড মিস করছেন দীর্ঘ দিনের সতীর্থরা।
শোয়েনস্টাইগারকে এই মুহূর্তে খুব মিস করছেন ম্যানুয়াল নয়্যার। তিনি বলেছেন, ‘এটা সত্যিই অদ্ভুতুরে এক অনুভূতি। আলিয়াঞ্জ অ্যারেনাতে শোয়েইনি নেই, এটা মেনে নিতেই পারছি না। আমার খুব খারাপ লাগছে। সে আমার খুব ভালো বন্ধু, আশা করি খুব তাড়াতাড়িই আবার আমরা একসঙ্গে হব।’
টমাস মুলার জানিয়েছেন, দলবদল নিশ্চিত হওয়ার আগের দিন শোয়েনস্টাইগারের সঙ্গে তাঁর দেখা হয়েছে। কথাও হয়েছে দীর্ঘক্ষণ। মুলার বরং একটু বাস্তববাদীই, ‘দলবদলের আগের দিনই ওর সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা পুরো বিষয়টি নিয়ে আলাপ করেছি। আমি তাঁকে তাঁর সিদ্ধান্ত সম্পর্কে কিছুই বলিনি। কেবল ওর সাফল্য কামনা করেছি। জাতীয় দলে তো ওর সঙ্গে দেখা হবেই।’
ফিলিপ লামের জন্যও শোয়েনস্টাইগার-বিচ্ছেদ নিদারুণ কষ্টের অনুভূতি। প্রায় পুরো ক্যারিয়ার যে খেলোয়াড়টির পাশে খেলেছেন, তাঁকে ছাড়া তিনি যেন অনুভব করছেন বড়সড় এক শূন্যতা। লামের শূন্য অনুভূতির আরেক কারণ, দেশকে বিশ্বকাপ জিতিয়ে জাতীয় দল থেকে অবসর নেওয়া লামের যে শোয়েনস্টাইগারের সঙ্গে এই মুহূর্তে যে খেলার কোনোই সম্ভাবনা নেই, ‘সে আমার খুব ভালো বন্ধু। ক্যারিয়ারের পুরোটা সময় ওর পাশে খেলেছি। বায়ার্ন মিউনিখ তাঁকে মিস করবে। আমরা তো বটেই। ম্যানচেস্টার ইউনাইটেডে সে নতুন চ্যালেঞ্জ নিতে গেছে। মনে-প্রাণেই চাই, সে সফল হোক।’ সূত্র: গোল ডটকম।