'ষড়যন্ত্র-তত্ত্ব' ভুলে যান, যোগ্য দল রিয়ালই

টানা দ্বিতীয়বারের মতো শেষ দিনে শিরোপা নির্ধারিত হলো লা লিগায়। তবে দান পাল্টেছে, গতবার এক পয়েন্টের ব্যবধানে বার্সেলোনা চ্যাম্পিয়ন হলেও এবার ট্রফিটা বাগিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কাতালুনিয়ার সংবাদমাধ্যম রিয়ালের সাফল্যের পেছনে নানা রকম ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ খুঁজে ফিরেছে। কিন্তু সত্যিটা হলো, এবারের স্প্যানিশ লিগ সেরা দলের হাতেই গেছে।
লিগে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ ছিল মালাগার বিপক্ষে। যে ম্যাচে এক পয়েন্ট পেলেই চলত রিয়ালের। লিগে ১১তম দলের বিপক্ষে কাজটা এমন কিছু কঠিন ছিল না। কিন্তু মালাগার মাঠেই বার্সেলোনা ২-০ গোলে হেরে যাওয়ার পর তাদের কোচ মিচেলের একটি মন্তব্য ষড়যন্ত্র তত্ত্বের শুরুটা করেছিল। মিচেল বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ এমনিতেই চ্যাম্পিয়ন হবে, তবে মালাগার মানুষ হয়ে তাদের একটু সাহায্য করলাম এই যা!’ মিচেল রিয়ালের একাডেমিতে বেড়ে ওঠা সাবেক ফুটবলার। রিয়ালের বিখ্যাত ‘কুইন্তা দেল বুইত্রে’র অংশ হয়ে জিতেছিলেন টানা পাঁচটি লা লিগা।
ঝামেলা সৃষ্টি হয়েছিল ইসকোর চুক্তির ব্যাপারটাও। ২০১৩ সালে মালাগা থেকে ইসকোকে কেনার সময় একটা শর্ত মেনে নিয়েছিল রিয়াল। সেটা হলো প্রথম পাঁচ বছরে তারা (রিয়াল) যদি তিনটি লিগ জিততে পারে, তাহলে প্রতিবারের জন্য মালাগাকে দিতে হবে ১ মিলিয়ন ইউরো। কাল তাই কথা উঠেছিল, যেখানে রিয়াল চ্যাম্পিয়ন হলেই ১ মিলিয়ন ইউরো পেয়ে যাবে মালাগা, সেখানে তারা কেন তাদের বিপক্ষে জেতার জন্য খেলবে কিংবা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে!
কিন্তু পুরো মৌসুমের চিত্র বলছে, এমন কথাবার্তা আসলে নিজেদের দুর্বলতা ঢাকারই চেষ্টা বার্সেলোনার। লিগে মাত্র ৯ সপ্তাহ রিয়ালের চেয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। আর যদি সমান ম্যাচ হিসাব করা হয়, তাহলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে মাত্র দুই সপ্তাহই এগিয়ে ছিল তারা। সেটিও মৌসুমের প্রথম দুই সপ্তাহ! মৌসুমের তৃতীয় সপ্তাহ থেকেই শুধু রিয়ালের পেছনে ছুটেছে বার্সেলোনা, কখনো তাদের ছুঁতে পারেনি।
এই দায় বার্সেলোনারই। লিগে চারটি দলের কাছে হেরেছে তারা। আলাভেস, সেল্টা ভিগো, মালাগা ও দেপোর্তিভো লা করুনিয়া। লিগের শীর্ষ আটেই নেই এ দলগুলো। আর রিয়াল হেরেছে মাত্র তিন ম্যাচে। একটি বার্সেলোনার কাছে, অন্যটি সেভিয়ার কাছে। শীর্ষ চারে থাকা এ দুই দলের বাইরে নিচের দিকের শুধু ভ্যালেন্সিয়ার কাছেই হেরেছে রিয়াল। সেরা স্কোয়াড নিয়েই পুরো মৌসুমটা খেলেছে রিয়াল। দলটাকে এদিক-ওদিক করে দারুণ ব্যবহারও করেছেন কোচ জিনেদিন জিদান। যখনই মূল দলকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তখনই বেঞ্চের খেলোয়াড়দের নামিয়ে সাফল্য পেয়েছেন কোচ। জিদান কাজটা করতে পেরেছেন দলের বেঞ্চে রদ্রিগেজ, এসেনসিও, মোরাতা কিংবা ভাসকেজদের মতো খেলোয়াড় ছিল বলেই।
আর ঠিক এ কাজটিই করতে পারেনি বার্সা। একসময় পুরো ইউরোপ শাসন করা দলটি এবার মেসি-নেইমার আর সুয়ারেজে ভর করে পার করতে চেয়েছে পুরো মৌসুম। মেসি-নেইমাররা সেরা, সন্দেহ নেই। নিজেদের দিনে তাঁরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে জয় এনে দিতে পারেন। পিএসজির বিপক্ষে ৬-১ কিংবা রিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয় তারই প্রমাণ, কিন্তু লিগ জেতাতে হলে দরকার পরিপূর্ণ একটা স্কোয়াড। সেটিরই অভাব ছিল লুইস এনরিকের দলের। অন্যদিকে অন্যতম ভরসা গ্যারেথ বেল চোটের কারণে প্রায় অর্ধেক মৌসুম বসে থাকার পরও কোনো সমস্যা হয়নি রিয়ালের।
ষড়যন্ত্র তত্ত্ব তাই ভুলতেই হচ্ছে, যোগ্য বলেই পাঁচ বছর পর লা লিগার শিরোপা হাতে তুলেছেন রোনালদোরা। সূত্র : গোলডটকম।