'সন্ধ্যাটা কখনো ভুলব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের শেষ দিকে চ্যাম্পিয়ন উৎসব করার আগেই মারুফুল হকের কাছে চাকরি হারিয়ে চলে যেতে হয়েছিল। এবার দ্বিতীয় পর্বে সেই মারুফকেই সরিয়ে আবার দায়িত্ব পেলেন যোসেফ আপুসি। গতবার যা পারেননি, এবার দুই ম্যাচ হাতে রেখেই সেই শিরোপা জয় উদ্যাপন করলেন কাল।
বাড়তি কোনো উচ্ছ্বাস হয়তো ছিল না, তবে তাঁকে খুব খুশিই লাগছিল, ‘মোহামেডান বড় দল। জানতাম ওদের হারাতে না পারলে পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। আমি ওদের বিরতির সময় বলেছিলাম তোমরা ফেডারেশন কাপে পেরেছ। এবারও পারবে। ছেলেরা ভালোভাবেই সেটা পেরেছে।’
স্পষ্ট করে বললে, শেখ জামালের এই শিরোপা এসেছে তিন বিদেশি ডার্লিংটন, ওয়েডসন ও ল্যান্ডিংয়ের হাত ধরেই। শেখ জামালের ফুসফুস যদি হয় মিডফিল্ডার মামুনুল, তবে পুরো মাঠের অক্সিজেন তিন বিদেশি। এবারের লিগের যে ৫৩ গোল করেছে শেখ জামাল এর ৪৬টিই এই তিনজনের। এমেকা ও ওয়েডসন করেছেন সমান ১৭টি করে। ল্যান্ডিংয়ের গোল ১২টি। দলকে চ্যাম্পিয়ন হওয়ার বন্দরে পৌঁছে দিয়ে উচ্ছ্বসিতই ছিলেন ওয়েডসন, ‘মোহামেডানের সঙ্গে এই ম্যাচটি আমাদের জন্য ফাইনাল ছিল। সন্ধ্যাটা কখনো ভুলব না। ’
শেখ জামাল এএফসি কাপের বাছাইপর্ব খেলতে কিরগিজস্তানে যাবে আগস্টের প্রথম সপ্তাহে। এর আগে শিরোপা নিশ্চিত করেই খেলতে যেতে চেয়েছিলেন অধিনায়ক মামুনুল, ‘এই জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পিছিয়ে পড়লেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলে জিতব।’