'সপ্তম স্বর্গে' ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুই বছর আগে নেপালে সাফের ফাইনালে ভারত হেরেছিল আফগানিস্তানের কাছে। কাল দেশের মাটিতে সেই হারের প্রতিশোধ নেওয়ার অপেক্ষাতেই ছিলেন সুনীল ছেত্রীরা। ত্রিবান্দ্রামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে কাল সাফের ফাইনালে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে সপ্তমবারের মতো সাফে চ্যাম্পিয়ন হলো ভারত।
সাফে ভারত যে রীতিমতো দৈত্য, সেটা আবারও তারা কাল প্রমাণ করল। সাফে এত দিন আফগানিস্তান খেলেছে প্রায় দর্শকশূন্য মাঠে। কাল গ্রিন ফিল্ড স্টেডিয়ামের গ্যালারি ছিল প্রায় অর্ধেক ভরা। তা দেখেই কিনা প্রবল পরাক্রমে ফাইনালে পা রাখা আফগানিস্তান ঢুকে গেল খোলসে। ফাইনালের আফগানিস্তান আর তার আগের আফগানিস্তানকে মনে হলো পুরোপুরি ভিন্ন দুটি দল।
প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে যায় আফগানিস্তানই, ৭০ মিনিটে জুবায়ের আমিরির গোলে। অধিনায়ক ফয়সাল শায়েস্তের বাড়িয়ে দেওয়া বলে দুই ডিফেন্ডারের ফাঁক গলিয়ে কোনাকুনি শটে গোল দেন জুবায়ের। গোল খেয়ে যেন খোঁচা খাওয়া বাঘের মতোই জেগে ওঠে ভারত। ঠিক দুই মিনিট পর জেজে লালপেখুয়ার গোলে সমতায় ফেরে তারা (১-১)। সুনীল ছেত্রীর হেড থেকে পাওয়া বল ব্যাক ফ্লিকে জালে ঢোকান সুযোগসন্ধানী জেজে। এরপর ভারতের দাপট নিয়েই ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। ১০১ মিনিটে জয়সূচক গোলটি করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। তবে বাকি সময়টাতে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ তো ছিলই, আফগানদের একটি পেনাল্টির দাবিতে প্রচণ্ড উত্তেজনাও ছড়িয়েছে মাঠে। আফগান কোচ পিটারকে ডাগ-আউট থেকেই বহিষ্কার করেছেন জাপানি রেফারি কিমুরা। পরে তো হারের হতাশাতেই মাঠ ছাড়তে হয়েছে আফগানদের।