
ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ও উরুগুয়ে দুবার করে। সঙ্গে যোগ করুন কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি বা গত বিশ্বকাপের চমক কলম্বিয়াকে। প্যারাগুয়ে-ইকুয়েডরের মতো দলগুলো তো আছেই। বিশ্বকাপের বাছাইপর্বে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা কি তবে দক্ষিণ আমেরিকা অঞ্চলে?
প্রায় দুই বছরব্যাপী বাছাইপর্বে দলগুলোকে খেলতে হয় কখনো হিম ঠান্ডায়, তো কখনো প্রচণ্ড গরমে, আবার কখনো সমুদ্রপৃষ্ঠ থেকে দু-তিন হাজার মিটার উচ্চতায়। সব মিলিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বটাকেই অন্য যেকোনো অঞ্চলের চেয়ে কঠিন মনে করেন কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান।
‘এটা (বাছাইপর্ব) সব সময়ই কঠিন ছিল, এখন আরও বেশি’-শনিবার বিশ্বকাপ বাছাইপর্বের ড্রয়ের পর রয়টার্সকে বলেছেন কলম্বিয়ার ৬৬ বছর বয়সী আর্জেন্টাইন কোচ। স্মরণ করিয়ে দিলেন গত বিশ্বকাপে লাতিন দলগুলোর পারফরম্যান্সও, ‘গত বিশ্বকাপ বিশ্লেষণ করলে দেখবেন, দক্ষিণ আমেরিকার ১০টি দল থেকে ছয়টিই বিশ্বকাপে ছিল। এর মধ্যে পাঁচটি দল শেষ ষোলোতে গেছে। চারটি দল তো একে অপরের সঙ্গে নকআউট পর্বে খেলেছে, যাদের প্রত্যেকেরই ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল।’
লাতিন দলগুলোর মধ্যে ব্যবধানও এখন কমে এসেছে বলে মনে করেন পেকারম্যান, ‘সবগুলো দলই চেষ্টা করে বিশ্বকাপে জায়গা পাওয়ার। প্রতিটি দলই উন্নতি করছে। খেলোয়াড়েরা ইউরোপের গুরুত্বপূর্ণ লিগে খেলছে, অভিজ্ঞতাও বাড়ছে। আগে যে ব্যবধানটা ছিল, তা আর নেই।’
নিজেদের মধ্যে ১৮টি ম্যাচের রাউন্ড রবিন লিগ শেষে সরাসরি বিশ্বকাপ খেলবে চারটি দল। পঞ্চম দলটি প্লে-অফ খেলবে ওশেনিয়া অঞ্চলের সেরা দলটির সঙ্গে। গত কয়েকটি বিশ্বকাপ ধরে অবশ্য এই একই পদ্ধতিতে হয়ে আসছে লাতিন অঞ্চলের বাছাই। এবার একটু ব্যতিক্রম—কোনো দল পরপর দুই ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হবে না।
অক্টোবরে শুরু প্রথম রাউন্ডেই অবশ্য বড় পরীক্ষায় পড়তে হচ্ছে নেইমারহীন ব্রাজিলকে। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হচ্ছে তারা। গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। লুইস সুয়ারেজের উরুগুয়ে খেলবে
বলিভিয়ার মাঠে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায়।
অন্যদিকে, এশিয়া অঞ্চলে বাছাইয়ে খেলছে ৪৬টি দল। চার রাউন্ডের বাছাই শেষে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে চারটি দল। পঞ্চম দলটি প্লে-অফ খেলবে কনক্যাকাফের চতুর্থ দলের সঙ্গে। কনক্যাকাফে গ্রুপ পর্বের সেরা তিনটি দল বিশ্বকাপে খেলবে সরাসরি। আফ্রিকার দেশগুলো বাছাইপর্ব খেলবে তিন রাউন্ডে। বিশ্বকাপে যাবে তৃতীয় রাউন্ডের পাঁচ গ্রুপ চ্যাম্পিয়ন। এএফপি, রয়টার্স।