'সবাই ব্রাজিলের শত্রু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খণ্ডযুদ্ধের খণ্ড ছবি!
খণ্ডযুদ্ধের খণ্ড ছবি!

গত বিশ্বকাপে এই কলম্বিয়াই টুর্নামেন্ট শেষ করে দিয়েছিল তাঁর। কাকতালীয়ভাবে সেই কলম্বিয়ার বিপক্ষেই বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখলেন নেইমার। শঙ্কা জেগেছে, নেইমার হয়তো একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বলে শোনা যাচ্ছে। তা সত্যি হলে ফাইনালের আগে তাঁকে আর দলে পাবে না ব্রাজিল। এমন পরিস্থিতি ক্ষুব্ধ দা​নি আলভেস দাবি করলেন, ‘সবাই’ যেন ব্রাজিলের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
‘সবাই’ বলতে আলভেস অবশ্য কারও নাম উল্লেখ করেননি। তবে রেফারিদের বিরুদ্ধে স্পষ্ট ক্ষোভ আছে তাঁর। এমনিতেই কোপার প্রথম দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারতেন না নেইমার। কিন্তু শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ম্যাচ শেষে দেখেছেন সরাসরি লাল কার্ডও। স্পোর্টস ব্লগের সবচেয়ে বড় নেটওয়ার্ক ‘এসবি ন্যাশন’ লিখেছে, একাধিক ম্যাচ নেইমারকে ছাড়াই খেলতে হতে পারে ব্রাজিলকে।
প্রশ্ন উঠেছে, টুর্নামেন্টে নেইমার যে দুটো হলুদ কার্ড দেখেছেন সেটা নিয়ে। প্রথম ম্যাচে নেইমারকে হলুদ কার্ড দেখানো হয় হাত দিয়ে ভ্যানিশিং স্প্রে মুছে ফেলার জন্য! আর আজ হলুদ কার্ড দেখেছেন হ্যান্ডবলের অপরাধে। যদিও রিপ্লেতে দেখা গেছে, নেইমারের হ্যান্ডবলটি খুব সম্ভবত ইচ্ছাকৃত ছিল না। অভিযোগ আছে শুরু থেকে নেইমারকে লক্ষ্য বানিয়ে কলম্বিয়ার একের পর এক ফাউল করে যাওয়ারও।
তবে অধিনায়ক হিসেবে নেইমারের আরও বেশি পরিণত আচরণ করা উচিত ছিল বলেও মনে করছেন কেউ কেউ। ব্রাজিলের ‘ও গ্লোবো’ টিভির এক প্রশ্নের জবাবে আলভেস বলেছেন, ‘জানি না নেইমার কেন নার্ভাস ছিল। তবে দোষ কিন্তু রেফারির। ওরা তো জানেই নেইমার কেমন। ওকে প্রথমেই যে হলুদ কার্ডটা দেখানো হলো, সেটা একেবারেই ভুল সিদ্ধান্ত। তারা কেউকেটা গোছের কেউ এমনটা ভাবা বন্ধ করতে হবে। তাদের দায়িত্ব কেবল ম্যাচটা প​রিচালনা করা।’
এর পরেই কারও নাম উল্লেখ না করে ব্রাজিলের বিরুদ্ধে সেই ‘ষড়যন্ত্রে’র অভিযোগ এনেছেন এই বার্সা ফুলব্যাক, ‘ব্রাজিলের প্রত্যেক ম্যাচে এখন এমনটা হচ্ছে। এই জটিল পরিস্থিতি আমাদের দৃঢ়তা ও মাথা ঠান্ডা রেখেই সামলাতে হবে। এখন ওরা সবাই ব্রাজিলের বিরুদ্ধে। আমাদের শান্ত থাকতেই হবে। দলটা বয়সে তরুণ হলেও এরই মধ্যে যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছে। আর কোপা আমেরিকা এ রকমই।’