'সমর্থকদের আস্থা আছে আমাদের ওপর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস এনরিকে
লুইস এনরিকে

মেসির সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে এখন বাতাসে নানা গুঞ্জন। সে কারণে পরশু রাতে কোপা ডেল রেতে এলচের বিপক্ষে ম্যাচে ন্যু ক্যাম্পের গ্যালারি থেকে দুয়োও শুনেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনেও এ নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে তাঁকে
আজ সমর্থকেরা আপনাকে দুয়ো দিল আর মেসি পেলেন করতালি। কেমন লেগেছে?
লুইস এনরিকে : আমি শুধু একটা কথাই বলতে পারি, খেলোয়াড়দের প্রতি এই সমর্থন আমার চোখে ইতিবাচক। আমি আনন্দিত যে সমর্থকেরা খেলোয়াড়দের ওপর আস্থা রাখছে, তাদের সমর্থন করছে। যদিও কখনো কখনো আমরা সমর্থকদের হতাশ করি। ওরাই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং আমি খুশি যে ওরা আমাদের পাশে আছে। আমার বিশ্বাস, সমর্থকদের আস্থা আছে আমাদের ওপর। হয়তো আমার কথা হাস্যকর শোনাচ্ছে কিন্তু আমি মনে করি, আমার ওপরও ওদের বিশ্বাস আছে। কারণ ওরা আমার সদিচ্ছা, আন্তরিকতা দেখেছে। আমি আশাবাদী এবং আমার মনে হয় না সমর্থকদের মধ্যেও উচ্চাকাঙ্ক্ষার কোনো কমতি আছে। ওরাও আশাবাদী।
এভাবে দুয়ো শোনা, বার্সেলোনার কোচ হিসেবে এটাই কি আপনার সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা?
এনরিকে : না। দুঃখিত, কখনোই না। আমি খুবই আত্মবিশ্বাসী যে আমরা আরও উন্নতি করব। খেলোয়াড়দের মধ্যেও আমি এই আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে চাই। আর জয়ই এটার সবচেয়ে বড় ওষুধ।
মার্চ-এপ্রিলের দিকে সমর্থকদের ভোটে আপনি খুবই জনপ্রিয় ছিলেন, এখন দুয়ো শুনতে হচ্ছে। একটু কি ব্যথিত?
এনরিকে : শুধু বলব, সমর্থকেরা যে খেলোয়াড়দের করতালি দিচ্ছে এই মানসিকতাটা আমার খুবই পছন্দ। এটুকুই।
আপনি কি মেসির সঙ্গে কথা বলেছেন?
এনরিকে : আমি গতকাল যেটা বলেছিলাম, আজও সেটাই বলছি। আমি প্রতি সপ্তাহে খেলোয়াড়দের সঙ্গে কথা বলি। বিস্তারিত বলতে চাই না। যদিও আমি জানি আপনারা এ বিষয়ে খুবই আগ্রহী। আমি জানি অনেক গুঞ্জন আছে, আমি সেটাকে আর বাড়াতে চাই না। আমি শুধু কীভাবে নিজের এবং দলের উন্নতি করা যায় সেদিকে মনোযোগ দিতে চাই।
মনে হচ্ছে সমর্থকেরা আপনার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট?

এনরিকে : আমরা কিছু ম্যাচে খুব ভালো খেলেছি আবার কিছু ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু যেসব ম্যাচে খারাপ খেলেছি সেগুলোর প্রতিপক্ষও তো দেখতে হবে। ওই ম্যাচগুলোর বেশির ভাগেই প্রতিপক্ষ রক্ষণ আগলে বসে ছিল। আমার মনে হয় না, আমাদের খেলার ধরন নিয়ে কেউ অভিযোগ করবে।
রোববার (লা লিগায়) অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ?
এনরিকে : এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা লা লিগার চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলব। এ ছাড়া ম্যাচটা অন্য আরেকটা ম্যাচের মতোই।