'সমর্থকদের জন্য খারাপ লাগছে'

দল একের পর একে হোঁচট খাচ্ছে, নিজেও সেরা ফর্মে নেই। পরশু অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচের পর
ইকার ক্যাসিয়াস মুখোমুখি হয়েছিলেন ক্যানাল প্লাসের। দলের ব্যর্থতার দায়ভারের অনেকটা নিজের কাঁধেই নিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
ম্যাচ শেষের দুয়ো
সমর্থকেরা দল নিয়ে খুবই হতাশ। আমাদের মতোই মাদ্রিদের পরাজয় ওদেরও ব্যথিত করে। সমর্থকদের জন্য আমাদের খারাপ লাগছে। যতটা ভালো খেলা দরকার ছিল, আমরা সেটা পারিনি। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে সান সেবাস্তিয়ানেও সেটাই হয়েছে।
সমর্থকদের হতাশা
সমর্থকদের মতকে শ্রদ্ধা করতেই হবে। তারা যদি মনে করে দুয়ো দেবে, সেটা মেনে নিয়ে আমাদের আরও পরিশ্রম করতে হবে। আমাদের আরও গতিময় হতে হবে। অভিযোগ ওরা করতেই পারে, আমাদের মাঠে খেলেই সেটা খণ্ডনের চেষ্টা করতে হবে।
তিন ম্যাচে দুই হার
দ্বিতীয়ার্ধটা বড় একটা ধাক্কা ছিল। খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তুরানের গোলটাই আমাদের হকচকিয়ে দিয়েছে। আমার মনে হয় ফলটা পুরোপুরি ন্যায্য হয়নি, ড্র হলেই ঠিক হতো। কিন্তু একই সঙ্গে অ্যাটলেটিকোকে কৃতিত্ব দিতেই হবে। এ রকম ম্যাচে কীভাবে খেলতে হবে সেটা ওরা জানত।
দলে পরিবর্তন প্রসঙ্গে
কোচ সান সেবাস্তিয়ানে খেলা খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছিলেন। ভাগ্যও ঠিক আমাদের পক্ষে ছিল না। সোসিয়েদাদের ধাক্কাটা ভুলতে আমাদের তিন পয়েন্টের দরকার ছিল, এটা আমাদের জন্য লজ্জাই। এখন আমাদের সামনে চ্যাম্পিয়নস লিগসহ অন্য ম্যাচগুলো নিয়ে ভাবতে হবে। আর পা হড়কালে চলবে না।
অ্যাটলেটিকোর খেলার ধরন
আমরা সেট পিস থেকে গোল হজম করছি। ব্যাপারটা উদ্বেগের, এটা আমি মানি। গোলরক্ষক হিসেবে আমি সেটার দায়ও নিচ্ছি। আমি আমার ভুল স্বীকার করছি। তবে সমস্যাটা কাটাতে হলে দল হিসেবেই আমাদের উত্তরটা খুঁজে বের করতে হবে।