'সমালোচনা প্রাপ্য নয় মেসির'
ভিলারিয়াল ছেড়ে ২০০৪ সালে তিনি যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। ওই বছরই ক্লাবের মূল দলের হয়ে অভিষেক হয় লিওনেল মেসিরও। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শুরুটা তাই খুব কাছ থেকেই দেখেছেন সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার জুলিয়ানো বেলেত্তি। মুগ্ধতার শুরুও বোধ হয় তখন থেকেই। তিন বছর পর বার্সেলোনা ছেড়ে গেলেও মেসিকে নিয়ে বেলেত্তির সেই মুগ্ধতা কমেনি একটুও।
আর সে কারণেই কোপা আমেরিকায় ব্যর্থতার পর আর্জেন্টিনায় মেসিকে নিয়ে ‘অযাচিত’ সমালোচনায় বিরক্ত সাবেক ব্রাজিলিয়ান রাইট ব্যাক। এসব সমালোচনা মেসির পাওনা নয় বলেই মনে করেন বেলেত্তি, ‘মেসি এ যুগের পেলে। নিজ দেশেই তাঁকে নিয়ে কেন এত সমালোচনা আমি বুঝতে পারছি না। মেসির মতো একজন খেলোয়াড়ের সমালোচনা করতে পারেন না আপনি।’ তবে ব্যাপারটা যে একেবারে নতুন নয় বেলেত্তি বললেন সেটাও, ‘রোনালদিনহোকে নিয়েও ব্রাজিলে এমন সমালোচনা হয়েছিল।’ আইএএনএস।