'সমালোচিত' হতে প্রস্তুত এনরিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সা কোচের সামনে ‘কঠিন পরীক্ষা’ আজ, পিএসজির বিপক্ষে ম্যাচ। ছবি: রয়টার্স
বার্সা কোচের সামনে ‘কঠিন পরীক্ষা’ আজ, পিএসজির বিপক্ষে ম্যাচ। ছবি: রয়টার্স

মৌসুমের শুরুটা ভালোই হয়েছে বার্সেলোনার। আরও নির্দিষ্ট করে বললে বার্সা কোচ লুইস এনরিকের। এই মৌসুমেই দায়িত্ব নিয়েছেন। দলকে সাজিয়েছেন নতুন দিনের প্রত্যাশায়। গতবার একটি ব্যর্থ মৌসুম কাটানো বার্সেলোনা এবার এনরিকের চোখেই স্বপ্ন দেখছে হৃত গৌরব ফিরে পেতে। মিশনটা কঠিন, সন্দেহ নেই। বার্সা কোচ নিজের মনকে প্রস্তুত রেখেছেন এই কঠিন মিশনে, যেকোনো পরিস্থিতির জন্যই।
লা লিগায় ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে বার্সেলোনা। সবচেয়ে বড় কথা এই মৌসুমে এখনো পর্যন্ত কোনো গোল হজম করতে হয়নি কাতালানদের। লিগের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে থাকা বার্সার কোচ মনে করেন, এই পরিস্থিতিটা পাল্টে যেতে পারে যেকোনো মুহূর্তে। যে দলের প্রতি সবার প্রত্যাশা, সেই দল হঠাৎ​ করে খারাপ করলে কী ধরনের সমালোচনার স্বীকার হতে হবে, সেটা খুব ভালো করেই জানেন তিনি। তাই এখন ভালো সময় কাটলেও ভবিষ্যতের তীব্র সমালোনা ও বাজে সময়ের জন্য তৈরিই হয়ে আছেন এনরিকে।
এই মৌসুমে এখন পর্যন্ত সহজ ম্যাচ খেলা বার্সেলোনার সামনে আজ পিএসজি-পরীক্ষা। এনরিকের ভেবে রাখা, সেই খারাপ সময়টা কি এসে যেতে পারে আজই? এনরিকে সেটা জানেন না, তবে ঘরের মাঠে পিএসজির রেকর্ডই বলছে আজ প্যারিস গিয়ে মাঠের বাইরে না হোক, মাঠেই কঠিন সময় অপেক্ষা করছে বার্সেলোনার জন্য।
প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) প্রতি রয়েছে এনরিকের অগাধ শ্রদ্ধা, বার্সাকে কঠিন সময় উপহার দিতে পিএসজির যে যথেষ্ট ক্ষমতা আছে, সেটা স্বীকারই করেছেন বার্সেলোনা কোচ, ‘হ্যাঁ, আমি জানি পিএসজি এ ব্যাপারে যথেষ্ট শক্তিধর। দলটির ক্ষমতা নিয়ে আমার মধ্যে বিন্দুমাত্র কোনো সংশয় নেই। তারা তো চ্যাম্পিয়নস লিগ জেতার মতোই দল।’
এই মৌসুমে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বার্সেলোনা। এই সাফল্যের পুরোটাই এনরিকে উৎসর্গ করেছেন তাঁর দলের রক্ষণ-সেনাদের, ‘আমাদের রক্ষণভাগ খুবই ভালো। ডিফেন্ডাররা সবাই পারঙ্গম।’
এখনো গোল না খেলেও ভবিষ্যতের কথা জানেন না এনরিকে। সবকিছুর মতো ওটার জন্যও তিনি মন থেকে প্রস্তুত হয়েই আছেন, ‘এখনো গোল খাইনি দেখে যে ভবিষ্যতে খাব না, এটা ঠিক নয়। আমি আমার স্কোয়াড ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করব। খেলোয়াড় পরিবর্তিত হলে গোল খেয়েও যেতে পারি।’
নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কর ধারণাই আছে তাঁর—পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সেটা জানিয়েই আকারে-ইঙ্গিতে ঘোষণা করতে চেয়েছেন দলটার প্রতি নিজের কর্তৃত্বের কথা, ‘আমি জানি, আমার কী কাজ। আমি জানি, দল কীভাবে চালাতে হয়। কোন পরিস্থিতিতে কীভাবে দল চালাতে হবে, সে সম্পর্কে আমার ধারণা খুবই পরিষ্কার। পরিস্থিতি অনুযায়ী আমি দলের জন্য সেরা পদক্ষেপটাই নেব।’ সূত্র: এএফপি।