>পাঁচ বছর আগে বাংলাদেশে প্রথম এসে খেলেছেন মুক্তিযোদ্ধার হয়ে। তারপর শেখ জামাল, মুক্তিযোদ্ধা, ভারতের চার্চিল ব্রাদার্স ঘুরে এখন ঢাকা আবাহনীতে। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সর্বোচ্চ ১০ গোল করে সবার ওপরে আছেন
সানডে সিজোবা। তবে এখানেই থেমে না থেকে লিগ শেষেও শীর্ষেই থাকতে চান নাইজেরিয়ান স্ট্রাইকার
* বাংলাদেশে প্রথম এসেই মুক্তিযোদ্ধার জার্সি গায়ে লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ গোল করেছিলেন। এবার প্রথম পর্ব শেষে ১০ গোল নিয়ে আপনিই সবার ওপরে। কী মনে হয়, সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন?
সানডে সিজোবা: যেভাবে সবকিছু এগোচ্ছে আমি আশাবাদী এবার সর্বোচ্চ গোলদাতা হতে পারব। সতীর্থদের ভালো সমর্থন পাচ্ছি, যেটা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে।
* এক গোল কম নিয়ে আপনার পেছনেই আছেন শেখ জামালের ওয়েডসন। দ্বিতীয় পর্বে ওয়েডসন খেলতে চাইছেন না পারিবারিক সমস্যায়। ওয়েডসন না খেললে আপনার জন্য তো বোধ হয় সুবিধা হয়।

সানডে: ব্যাপাটার এভাবে দেখলে দোষের কিছু নেই। তবে কে খেলল, কে খেলল না, এসব আমি দেখি না। আমি নিজের সেরাটাই মাঠে ঢেলে দিই।
* কিন্তু আপনি প্রায়ই ছন্দ হারিয়ে ফেলেন। আরও ধারাবাহিক হলে আপনার গোল অনেক বেশি হতো বলে বিশ্বাস করেন?
সানডে: হ্যাঁ, সব খেলোয়াড়ই ধারাবাহিক পারফর্ম করতে চায়। কখনো কখনো সেটি হয় না। এটা নিয়ে না ভেবে পরের ম্যাচের জন্যই আমি নিজেকে তৈরি করি।
* এবার তো আপনার পাশে ব্রিটিশ প্লেমেকার লি টাক আছেন, যিনি আপনাকে প্রচুর বল দেন। এটা নিশ্চয়ই আপনার জন্য ভালো হয়েছে?
সানডে: লি আমাকে যেমন বল দেয়, আমিও তো দিই। এটাই আসলে ফুটবল। মাঠে আমরা একে অন্যের পরিপূরক। একটা দল হিসেবে খেলতে পারাই আসলে বড়।
* একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ করেছেন, আমাদের স্থানীয় স্ট্রাইকাররা তেমন ভালো করতে পারছেন না। আপনার চোখে এর কারণ কী?
সানডে: এটা তো স্থানীয় খেলোয়াড়েরা বলতে পারবে। আমি নিজেরটা বলতে পারি, মাঠে গোল করার সর্বাত্মক চেষ্টাই করি সব সময়।
* বাংলাদেশে এত দিন ধরে খেলছেন, ঘরোয়া লিগে কোনো পার্থক্য কি চোখে পড়ছে?
সানডে: পার্থক্য অবশ্যই আছে। আগে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই শুধু খেলা হতো, ফুটবল লিগটা হয়ে পড়েছিল ঢাকাকেন্দ্রিক। কিন্তু এখন এটি ঢাকার বাইরেও ছড়িয়েছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটে এবার খেলা হয়েছে। সামনে অন্য ভেন্যুতেও খেলা হওয়ার কথা। সব মিলিয়ে এটা আমার কাছে ভালোই লাগছে। অনেক দর্শকের সামনে খেলেছি ময়মনসিংহে। অন্য ভেন্যুতেও খেলে আনন্দ পেয়েছি।
* ঢাকায় দর্শক হয় না কেন, কী মনে হয় আপনার?
সানডে: ঢাকার মানুষেরা ব্যস্ত। তাদের খেলা দেখার সময় নেই। এটা একটা বড় কারণ মনে হচ্ছে আমার কাছে।
* আপনি তো স্ত্রী-পুত্র নিয়ে ধানমন্ডিতে বসত গড়েছেন। তো বাংলাদেশের এই জীবন কেমন লাগে?
সানডে: আমার তো ভালোই লাগছে সব। তিন বছরের ছেলেকে নিয়ে থাকি। খাওয়া-দাওয়ায় সমস্যা হয় না। স্ত্রী আছে, সে নাইজেরিয়ান খাবার রান্না করে। বলতে পারেন, আমার এই প্রবাসজীবন ভালোই যাচ্ছে।