'সিংহ' ইব্রাহিমোভিচ
—আপনার চোখে প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার কে?
‘আমার কাছে যে স্ট্রাইকার ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে, তাকেই ভালো লাগে। (রোমেলু) লুকাকু শক্তিশালী। (সার্জিও) আগুয়েরোও ভালো, সবকিছু করতে পারে।’
—নিজের কথা যে বললেন না!
‘সিংহরা কখনো মানুষের সঙ্গে নিজেদের তুলনা দেয় না!’
এমনটা শুধু ইব্রাহিমোভিচের পক্ষেই বলা সম্ভব। এই মৌসুমেই প্রিমিয়ার লিগে এসেছেন, দুর্দান্তও খেলছেন। পরশুই লিগে নিজের ১৬তম গোলে ঘরের মাঠে এভারটনের সঙ্গে ১-১ গোলের ড্র এনে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। সবই ঠিক আছে, তাই বলে নিজেকে সিংহের সঙ্গে তুলনা! এই না হলে তিনি ইব্রাহিমোভিচ কেন!
এই বয়সে ইংল্যান্ডে এসে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন, তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। সেই সংশয় উড়িয়ে দিতে পারার গর্বটাও গোপন করেননি ইব্রা, ‘৩৫ বছর বয়সী হিসেবে এখানে আসার পর সবাই ভেবেছিল, আমি হুইলচেয়ারে আছি। কিন্তু এরপর কী হলো দেখুন! সিংহ এখনো ভালোভাবেই বেঁচে আছে।’ মেট্রো।