'সুন্দরতম' গোলটি বার্ত্রাকে উৎসর্গ সক্রাতিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সক্রাতিসের সুন্দরতম গোলটি বার্ত্রার জন্য। ছবি: এএফপি
সক্রাতিসের সুন্দরতম গোলটি বার্ত্রার জন্য। ছবি: এএফপি

ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শট চোখের পলকে জড়িয়ে গেল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে। নিঃসন্দেহে অসাধারণ গোল। এমন গোল সক্রাতিস পাপাস্তাথোপুলোস ক্যারিয়ারে আর যে করেননি তেমন তো নয়। তবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গোলটিকে ক্যারিয়ারের সুন্দরতম বলে আখ্যা দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। আসলে গত মঙ্গলবারের পর যা কিছুই ঘটছে সবই সুন্দর লাগছে ডর্টমুন্ডের সব খেলোয়াড়ের কাছেই। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর যা হয় আর কী!
ডর্টমুন্ড-মোনাকো চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচটা হওয়ার কথা ছিল গত মঙ্গলবার। ডর্টমুন্ডের খেলোয়াড়েরা প্রথম লেগে মোনাকোর বিপক্ষে খেলতে বাসে করে যাচ্ছিলেন নিজেদের স্টেডিয়ামে। কিন্তু রওনা দেওয়ার খানিক পরই বাসের কাছে বোমা বিস্ফোরণ! একটি নয়, পরপর তিনটি! এত কাছে বিস্ফোরণ হয় যে সঙ্গে সঙ্গেই ভেঙে যায় কেঁপে ওঠা বাসের জানালার অনেক কাচ। ডর্টমুন্ড ডিফেন্ডার মার্ক বার্ত্রার হাতে আঘাত লাগায় তাঁকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার লেগেছে হাতে। ম্যাচটি সেদিন আর হয়নি। হয়েছে পরদিন, অর্থাৎ বুধবার।
এমন একটি হামলার পরও বেঁচে আছেন বলে নিজেদের ভাগ্যবান ভাবছেন ডর্টমুন্ডের খেলোয়াড়েরা। ঘটনার পরদিন চ্যাম্পিয়নস লিগে মোনাকোর কাছে হেরে গিয়েছিল ডর্টমুন্ড। তবে গতকাল বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টকে ৩-১ গোলে হারিয়েছে তারা। চোটের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন দলটির জার্মান ফরোয়ার্ড মার্কো রয়েস। এই ম্যাচ দিয়েই ফিরেছেন। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন তিনিই। ২৯ মিনিটে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। ৫ মিনিটের মাথায় ‘ক্যারিয়ারের সুন্দরতম’ গোলটি করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সক্রাতিস। ৮৬ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন পিয়ের-এমেরিক অউবামেয়াং।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর নিজেদের মাঠে হামলায় আহত বার্ত্রাকে শ্রদ্ধা জানায় গোটা ডর্টমুন্ড দল। বার্ত্রার ৫ নম্বর জার্সি সামনে তুলে ধরেন তারা। সক্রাতিস তাঁর গোলটি উৎসর্গ করেছেন বার্ত্রাকেই, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর গোল। গোলটি আমি মার্ক বার্ত্রা আর তার পরিবারকে উৎসর্গ করছি।’ সূত্র: গোল ডটকম।