'সুপারম্যান' তো সাধারণ মানুষও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো-মন্দ মিলিয়েই কাটছে ইব্রার মৌসুম। ছবি: এএফপি
ভালো-মন্দ মিলিয়েই কাটছে ইব্রার মৌসুম। ছবি: এএফপি

প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে জুনে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন, জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে সে কী উচ্ছ্বাস! মাঠের ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স আর মাঠের বাইরে মজার সব কথাবার্তা মিলিয়ে সুইডিশ কিংবদন্তি বিশ্বজুড়ে অনেক জনপ্রিয়। সব মিলিয়ে ইউনাইটেড তখন অবিশ্বাস্য সাফল্যের স্বপ্নই দেখছিল।
ফাস্ট ফরোয়ার্ড করে ডিসেম্বরে চলে আসুন। ইব্রাকে ঘিরে বুদ্‌বুদটা অনেকটাই যেন মিলিয়ে গেছে।
নাহ, খারাপ করেননি ইউনাইটেড স্ট্রাইকার, ২৪ ম্যাচে করেছেন ১৪ গোল। মাঝে টানা ছয় ম্যাচের গোলখরা কাটিয়ে আবার কদিন ধরে ফিরেছেন গোলের ধারায়। গতকালও তাঁর ও পগকার যুগলবন্দীতে ক্রিস্টাল প্যালেসকে ২–১ গোলে হারাল ইউনাইটেড। কিন্তু লাল শিবিরের অবস্থা ঠিক সন্তোষজনক নয়। লিগে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে।
তাতে সব মিলিয়ে যা হলো, ইব্রার দিকেও আসছে সমালোচনার তির। বেতন বেশি, উচ্চাশাও বেশি, কিন্তু সেই অনুযায়ী পারফরম করতে পারছেন না ‘বিগ সুইড’। এই তো, ইব্রাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে একটু খোঁচাখুঁচি চলল ইউনাইটেড কোচ হোসে মরিনহো এবং সাবেক ইউনাইটেড ও লিভারপুল স্ট্রাইকার মাইকেল ওয়েন।
এখন বিটি স্পোর্টসের ফুটবল–পণ্ডিত হিসেবে কাজ করছেন ওয়েন। কদিন আগে ইব্রার সমালোচনা করতে গিয়ে যা বলেছেন তার সুরটা এমন, ‘ইউনাইটেডের দীর্ঘমেয়াদি সমস্যার জন্য ইব্রা ঠিক যথার্থ সমাধান নয়।’
তা দলের স্ট্রাইকারের সমালোচনা মরিনহো কেনই বা মুখ বুজে মেনে নেবেন! বিটি স্পোর্টসেরই আরেক সঞ্চালক জ্যাক হুমফ্রেকে সাক্ষাৎকারে মজা করেই বলেছেন, ‘যদিও আপনার কলিগ মাইকেল ওয়েন ওকে পছন্দ করে না, কিন্তু সত্যি হচ্ছে, ইউনাইটেডে তিন মৌসুমে ওয়েন যত গোল করেছে, ইব্রাহিমোভিচ এক মৌসুমেই তার চেয়ে বেশি গোল করবে। সে (ওয়েন) তিন মৌসুমে ১৭ গোল করেছে। ইব্রাহিমোভিচ তো ছয় মাসেই তার কাছাকাছি চলে গেছে। তাই আমার মনে হয় না ইব্রাকে নেওয়া আমাদের জন্য খুব একটা খারাপ হয়েছে।’
ওয়েনও চুপ থাকলেন না। খোঁচার জবাব দিয়েছেন পাল্টা খোঁচাতেই, ‘এখনকার কোচরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তাই না? আমার যতটুকু মনে পড়ে, আমি বলেছিলাম, ইব্রাহিমোভিচ দীর্ঘ মেয়াদের সমাধান নয়। অনেকটা রবিন ফন পার্সির মতো (২০১২ সালে ৩০ বছর বয়সে আর্সেনাল থেকে ইউনাইটেডে এসেছিলেন, ছিলেন তিন বছর)। একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কেনা, এক বা দুই মৌসুমের জন্য। কিন্তু একটা সময় তো ম্যান ইউনাইটেডকে “পরের ওয়েইন রুনি” খুঁজে বের করতে হবে। ১৮ বা ১৯ বছরের একজনকে কিনতে হবে, বা নিজেদের একাডেমি থেকে বের করতে হবে।”
তা নিজের ও ইব্রার গোলের মধ্যে তুলনাও করেছেন, তাতে হাস্যরস জোগাতে টেনে এনেছেন তাঁর ও ইব্রার বেতনের পার্থক্যটা, ‘আমার মনে হয় আমার গোলগুলো ম্যান ইউনাইটেডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ ইব্রাহিমোভিচ সপ্তাহে যা পায়, আমার জন্য তার চেয়েও ১০ শতাংশ কম খরচ হতো।’
ইব্রাকেও এমন খোঁচা খেতে হয়, সুপারম্যান ইব্রাকে! আসলে সুপারম্যানও তো কখনো কখনো অতি সাধারণ মানুষ, পত্রিকা অফিসে যে কাজ করে আলোকচিত্রী হিসেবে। আর বেতন নিয়ে খোঁচা খায় বসের। কিন্তু ভেতরের শার্ট ফুঁড়ে ‘এস’ বেরিয়ে এলেই আবার অন্য রকম। ইব্রাকে খেপিয়ে দিয়ে ওয়েন ভালো কিছু করেননি! কালকেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত খেলে এর জবাব কিন্তু দিয়ে দিয়েছেন ইব্রা। সূত্র: ডেইলি মেইল।