'সুপার' রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার ফার্গুসনের হাত থেকে ম্যাচ–সেরার পুরস্কার নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ষ ডেইলি মেইল
স্যার ফার্গুসনের হাত থেকে ম্যাচ–সেরার পুরস্কার নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ষ ডেইলি মেইল

মঞ্চ সাজানো ছিল গ্যারেথ বেলের জন্য। আট বছর পর কার্ডিফের ঘরের ছেলে খেলবেন তাঁর কৈশোরের প্রিয় মাঠে।
আবার মঞ্চটা ছিল রদ্রিগেজ-ক্রুসদেরও। রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হচ্ছে দুজনেরই।
সবাইকে ছাপিয়ে সেই মঞ্চে শেষ পর্যন্ত নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বেল-ক্রুস-রদ্রিগেজরাও দারুণ খেলেছেন। কিন্তু যে দুটি গোলে সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল, সেই দুটি গোলই পর্তুগিজ উইঙ্গারের। আর শুধু গোল কেন, বল পায়ে মাঠে বাকিটা সময় কি কম মুগ্ধতা জাগিয়েছেন রোনালদো! সেই মুগ্ধতার ঘোর কাটেনি বলেই হয়তো ম্যাচ শেষে ভুল করে তাঁর গলায় দ্বিতীয়বার পদক পরিয়ে দিতে গিয়েছিলেন স্বয়ং উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি! একটু আগেই যে একবার তাঁর গলায় পদক পরিয়েছেন, হাসিমুখে রোনালদো সেটা দেখিয়ে দিতেই পাল্টা হাসি প্লাতিনির। যেন বলতে চাইলেন, এমন খেলার পর তোমাকে দুটি পদক দিলে একটুও অন্যায় হবে না।
প্লাতিনির হাত থেকে শিরোপাজয়ী দলের সদস্য হিসেবে পদক নিয়েছেন, ম্যাচসেরার পুরস্কারটা নিলেন তাঁর একসময়ের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত থেকে। ম্যাচসেরার বিচারকও ছিলেন ফার্গুসনই। রোনালদোর কারণেই এ নিয়ে যে ভাবতেই হয়নি, ফার্গুসন সেটিই বললেন পরে, ‘সাধারণত এমন ম্যাচগুলোতে সেরা খেলোয়াড় বাছাই করার কাজটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু আজ রোনালদো আমার জন্য কাজটা সহজ করে দিয়েছে।’ অনেক দিন পর গুরুর সঙ্গে দেখা আর তাঁর হাত থেকে পুরস্কার নিতে পেরে উচ্ছ্বসিত রোনালদোও, ‘আমার বয়স যখন মাত্র ১৮, তখন তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তাঁকে শ্রদ্ধা করি। তিনি আমার জন্য যা করেছেন, সবকিছুর জন্য ধন্যবাদ জানাতে চাই।’
চোটের কারণে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি। ছুটি শেষে যখন ক্লাবে অনুশীলনে যোগ দিয়েছিলেন, তখনো পুরোপুরি ফিট নন। প্রাক্মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতেও ঠিকঠাক খেলতে পারেননি। তবে কার্ডিফে পরশু রোনালদোকে দেখে মনেই হয়নি সদ্য চোট থেকে ফিরেছেন। রিয়াল কোচ আনচেলত্তিও তাই প্রশংসায় পঞ্চমুখ, ‘ও-ই তো আজ মাঠের সেরা খেলোয়াড়। দুটি দারুণ গোল করেছে, অসাধারণ খেলেছে।’
ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদের হয়ে লিগ, কাপ, ঘরোয়া সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছেন আগে। বাকি ছিল শুধু এই উয়েফা সুপার কাপ। সেই অতৃপ্তি ঘোচানোর আনন্দ রোনালদোর মুখে, ‘আমি এটা জিততে চেয়েছিলাম, কারণ এর আগে এটা আমার জেতা হয়নি।’ এই স্বপ্নপূরণের দিনে ফিফার বর্ষসেরা ফুটবলার শুনিয়েছেন একটা নতুন স্বপ্নের কথাও, ‘আশা করছি, রিয়াল প্রথম দল হিসেবে এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখবে।’ এএফপি, গোলডটকম।