'সেইন্ট'দের লজ্জা দিল লিভারপুল

রেফারি বাঁশি বাজালেন। খেলা শুরু হলো। ৩৯ সেকেন্ড পরই আবার রেফারির বাঁশি। নাহ্, নতুন করে খেলা শুরু করতে বলেননি তিনি। দর্শক, লিভারপুলের খেলোয়াড়েরা কেউ কিছু বুঝে ওঠার আগে প্রথম আক্রমণ থেকেই গোল করে বসেছেন সাউদাম্পটনের সাদিও মানে! ম্যাচের আগের লিভারপুলের যত পরিকল্পনা, বিশ্লেষকদের যত ভবিষ্যদ্বাণী—সব যেন উড়ে গেল হাওয়ায়!
ক্যাপিটাল ওয়ান কাপের কোয়ার্টার ফাইনালে এমন নাটকীয় শুরুর পরেও সাউদাম্পটন বিশাল ব্যবধানেই পরাজিত। গোল তো আর করতেই পারেনি, উল্টো গুনে গুনে হজম করেছে ৬ টি! ১৯৯৫ সালের পর ‘সেইন্ট’দের ঘরের মাঠে এমন বড় ব্যবধানে হারের লজ্জা দিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে গেছে লিভারপুল। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর যে দিন বদলের গান শোনাচ্ছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ, তার দুর্দান্ত উদাহরণই হয়ে রইল ম্যাচটি।
প্রথম দশ মিনিট মাঠের পারফরম্যান্সে সাউদাম্পটনের চেয়ে পিছিয়েই ছিল লিভারপুল। তবে শেষ পর্যন্ত স্টারিজ-অরিগি-আইবদের কল্যাণে তাদের জয়টা বড় ব্যবধানেরই। ক্লাবের হয়ে গোলের খাতা খোলাটা হ্যাটট্রিক দিয়েই স্মরণীয় করে রাখলেন বেলজিয়ান ডিভক অরিগি। অবশ্য তাঁর প্রথম গোলটি (দলের তৃতীয়) লেফট ব্যাক আলবার্তো মরেনোর নামে দিয়ে দিলেও খুব বেশি মনোক্ষুণ্ন হবেন না তিনি। বক্সের বাইরে থেকে মরেনোর গোলার মতো শটটিতে তো কেবল পা-ই লেগেছিল তাঁর।
তবে ক্লপের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে ড্যানিয়েল স্টারিজের গোল দুটি। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই ইংলিশ স্ট্রাইকারকে চোটে আক্রান্ত দেখেছেন ক্লপ। লিগে সর্বশেষ ম্যাচে শেষ দিকে কিছুক্ষণ খেলেছিলেন। কালই প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন স্টারিজ, আর তাতে দলের প্রথম দুটি গোল করে নিজের অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করেছেন তিনি।
ইংলিশ সংবাদমাধ্যম, লিভারপুল সমর্থক সবার কণ্ঠে সব সময় স্টারিজের প্রশংসা শুনেছেন। কাল ক্লপ প্রথম দেখলেন কতটুকু ‘ভয়ংকর’ হতে পারেন এই খেলোয়াড়টি। ম্যাচ শেষে ২৬ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে বেশ উচ্ছ্বাস ঝরল জার্মান কোচের কণ্ঠে, ‘ম্যাচ শেষ হওয়ার পর আমি ওকে (স্টারিজ) বলছিলাম, “এখন বুঝতে পারছি সবাই কী নিয়ে কথা বলছিল। ” অবশ্যই ওর মান সম্পর্কে ধারণা আছে আমার। এমন স্ট্রাইকারদের দলে পাওয়াটা বেশ স্বস্তির।’
স্টারিজকে শুরু থেকেই খেলানোর সিদ্ধান্তটা যে সঠিক ছিল, তাতে নিজেই যেন নিজের পিঠ চাপড়ে দিলেন ক্লপ, ‘ড্যানিয়েলের ব্যাপারে যে সমস্যাটা ছিল, তা হচ্ছে আমরা নিশ্চিত ছিলাম না যে ও কতক্ষণ খেলতে পারবে। প্রাক-মৌসুমটা খুব একটা ভালো কাটেনি ওর। তবে ওকে শুরু থেকেই দলে রাখাটা বেশ ভালো সিদ্ধান্ত ছিল।’
আগামী জানুয়ারিতে দুই লেগের সেমিফাইনালে লিভারপুল খেলবে স্টোক সিটির বিপক্ষে। আর অন্য সেমিতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ এভারটন। তথ্যসূত্র: ইএসপিএন, মার্কা।