'সেভেন আপ' ভুলিয়ে নেইমারদের তৃপ্তির ঢেকুর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের কান্নাকে হাসিতে অনূদিত করতে প্রস্তুত নেইমার
বিশ্বকাপের কান্নাকে হাসিতে অনূদিত করতে প্রস্তুত নেইমার

১১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা, দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলো। এ নিয়ে শুরু হলো আমাদের নতুন ধারাবাহিক। আজ থাকছে কোপা আমেরিকায় ব্রাজিল দল ও তার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন—

অবিশ্বাস্য! ম্যাচটা যাঁরা দেখেছেন এবং দেখেননি, দুই পক্ষেরই চোখ কচলে তাকিয়েও যেন ঠিক বিশ্বাস হচ্ছিল না স্কোরলাইন। জার্মানি ৭: ১ ব্রাজিল! ফুটবল ইতিহাসের সফলতম দল, বিশ্বকাপের রংটাকে হলুদ বানিয়ে ফেলা, সুন্দর ফুটবল ‘জোগো বনিতো’র দেশ, পেলে-সক্রেটিস-গারিঞ্চাদের দেশ নিজেদের মাটিতে এভাবে বিধ্বস্ত হবে, কে ভেবেছিল!
নিন্দুকেরা কিন্তু মওকা পেয়ে গিয়েছিল দারুণ। সাত গোলের সেই বিভীষিকাকে কেউ কেউ ‘সেভেন আপ’ বলে খোঁটা দিয়েছে। এখনো সুযোগ পেলে দেয়। কিন্তু ব্রাজিল সেই দেশ, যাঁরা ধ্বংসস্তূপের মধ্যেও জেগে উঠতে পারে ফিনিক্স পাখির মতো। ব্রাজিল জেগে উঠছে। আর তাই ৪ জুলাই সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে নেইমারের হাতে কোপা আমেরিকার ট্রফিটা দেখতেই পারেন। নেইমাররাই পারেন ‘সেভেন আপ’টা ঠিকমতো গলাধঃকরণ করে একটা তৃপ্তির ঢেকুর তুলতে।
ব্রাজিলের ​দিন বদলের শুরুটা হয়ে গেছে এরই মধ্যে। ‘আবার কেন দুঙ্গা’ বলে যাঁরা প্রশ্নবোধক বক্র চাহনিতে বিদ্ধ করেছিলেন, বিশ্বকাপ পরবর্তী আটটি প্রীতি ম্যাচের সবগুলো দাপটের সঙ্গে জিতে সেই প্রশ্নের উত্তরও দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আছে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারানো। যেটি এই বার্তা হতে পারে, বার্সায় জমে ওঠা বন্ধুত্বটা এক মাসের জন্য শিকেয় তুলে নেইমার প্রস্তুত মেসিকে হতাশায় ডোবাতে।
পরিসংখ্যান অবশ্য একটু চমকে দেবে। শতবর্ষী কোপায় উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১৫ বার, আর্জেন্টিনা ১৪ বার। সেখানে ব্রাজিল আটবার। কিন্তু এই আটবারের চারবারই তারা শিরোপা তুলেছে গত ২০ বছরে। আসলে এক সময় কোপাকে ততটা গুরুত্ব দিত না ব্রাজিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। সর্বশেষ ৬ আসরের চারবারেরই চ্যাম্পিয়ন—এই তথ্য বলে দেয়, কোপা ব্রাজিলের আধিপত্য।
২০১১ কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা ছিল। যে সম্ভাবনার অপমৃত্যু হয়েছে শেষ আটে। এবারও কিন্তু আছে সেই সম্ভাবনা। ফাইনালে মেসি-নেইমার দ্বৈরথ দেখার সুযোগ। ব্রাজিলকে খেলতে হবে নিজেদের সেরা খেলা। কোপার জন্য কোচ দুঙ্গা ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন। অস্কার-রামিরেসের জায়গা হয়নি। পিএসজির মিডফিল্ডার লুকাস মৌরাকেও না রাখাটা নিয়ে বিতর্ক হচ্ছে বেশ। বার্সার রাইটব্যাক দানি আলভেজকেও ছেঁটে ফেলেছেন।

বিশ্বকাপের সেমিফাইনাল এই সমর্থকদের বুকে তিরবিদ্ধ যন্ত্রণা হয়ে আছে
বিশ্বকাপের সেমিফাইনাল এই সমর্থকদের বুকে তিরবিদ্ধ যন্ত্রণা হয়ে আছে

স্যার অ্যালেক্স ফার্গুসন ফুটবলের সবচেয়ে বড় আপ্তবাক্যগুলোর একটি জন্ম দিয়ে বলেছিলেন, ‘আক্রমণভাগ আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু রক্ষণভাগ আপনাকে জেতাবে ট্রফি।’ যুগ যুগ ধরে ব্রাজিলের ডিফেন্সের সুনাম বয়ে চলেছে অবিরাম। বিশ্বকাপে সাত গোল খাওয়ার পর বাস্তবতার জমিনে নেমে আসে। দলকে ঢেলে সাজিয়ে আবারও রক্ষণ শক্তিশালী করে তোলেন দুঙ্গা। বর্তমান সময়ের দুই সেরা সেন্টারব্যাক, পিএসজিতে একই সঙ্গে খেলা ডেভিড লুইজ এবং থিয়াগো সিলভা। তাঁদের সঙ্গে রয়েছে ২১ বছর বয়সী উদীয়মান ডিফেন্ডার মারকুইনস। মোনাকোর হয়ে খেলা আরেক তরুণ রাইটব্যাক ফাবিনহো, মার্সেলোর ইনজুরিতে দলে সুযোগ পাওয়া ২১ বছর বয়সী জেফারসনকে দলে রেখেছেন কোচ দুঙ্গা। এ ছাড়া চেলসির হয়ে খেলা ফিলিপে লুইস এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সের কান্ডারি মিরান্ডাও রয়েছেন। অনেক শক্তিশালী ডিফেন্স নিয়েই এবার চিলিতে যাচ্ছে ব্রাজিল। গোলপোস্টের নিচে দাঁড়ানো জেফারসন অন্তত স্বস্তি বোধ করতে পারেন।
মাঝমাঠে আলো ছড়াবেন লিভারপুলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা ফিলিপে কৌতিনহো। ২১ বছর বয়সী হফেইনহেইমের রবার্তো ফিরমিনোর ব্রাজিলের জার্সি গায়ে চোখ ধাঁধানো অভিষেকের পর কোপা আমেরিকা দলে তার থাকাটা আগে থেকেই অনুমেয় ছিল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে পোর্তোর হয়ে নজরকাড়া পারফর্ম করার পর মিডফিল্ডার কাসেমিরোকেও দলে নিতে দেরি করেননি দুঙ্গা। ভলফসবুর্গের হয়ে জার্মান কাপ জেতা লুইস গুস্তাভোও আছেন দুঙ্গার মাঝমাঠের পরিকল্পনায়।
আর্জেন্টিনার মতো শক্তিশালী আক্রমণভাগ না থাকলেও এই দলটাই কমাস আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়েছিল। নেইমার নামের এক তরুণ বিস্ময় এক দিক দিয়ে মেসি-রোনালদোকেও ছাপিয়ে গেছেন। মেসি-রোনালদোরা ক্লাবের ফর্ম জাতীয় দলে টেনে নিতে পারেন না। সেখানে মাত্র ২৩ বছর বয়সেই ব্রাজিলের সর্বকালের সেরা পাঁচ গোলদাতার তালিকায় নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে ৬২ ম্যাচে তাঁর ৪৩ গোল। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ জেতানো ডিয়েগো তারদিল্লিও আছেন দুর্দান্ত ফর্মে। সবাইকে চমকে দিয়ে ৩১ বছর বয়সী সান্তোসের স্ট্রাইকার অভিজ্ঞ রবিনহোকে দলে রেখেছেন কোচ। সাবেক এই রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের তারকা মূলত লিগে অসাধারণ গোল করার দক্ষতার কারণেই আবার জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান দলে। ব্রাজিলের জার্সি গায়ে ৯৬ ম্যাচ খেলে ২৭ গোল করা এই স্ট্রাইকার জুটি বাঁধবেন নেইমার এবং তারদেল্লির সঙ্গে।
সব ছাপিয়ে ব্রাজিল দলের চাই একটি শিরোপা। নিজের দেশে দলকে বিশ্বকাপ না জেতাতে কষ্ট ভুলিয়ে দিতে নেইমাররা দৃঢ় প্রতিজ্ঞ। সেই ম্যাচটা খেলা হয়নি নেইমারের। মাঠের বাইরে থেকে দেখেছেন সতীর্থদের আর্তনাদ। এবার অধিনায়কের বাহুবন্ধনী নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন সেই নেইমারই। এবারের মিশন বিশ্বকাপের কান্নাকে হাসিতে অনূদিত করার।

আগামীকাল পড়ুন কোপার ইতিহাসের সর্বোচ্চ দুই গোলদাতাকে নিয়ে লেখা বিশেষ প্রতিবেদন: অথচ তাঁদের কেউ চেনে না!