হঠাৎ করেই কাল দুপুরে বাফুফে ভবনে ফুটবল দল। কারণটা বুঝতে সময় লাগল না। আগের দিন অনুশীলন ম্যাচে আবাহনীর কাছে জাতীয় দলের ২-০ গোলে অপ্রত্যাশিত হার। বঙ্গবন্ধু কাপের জন্য প্রস্তুতিরত জাতীয় দলের এ হতাশাজনক ফল মানতে পারেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তাই একরকম তলব করার মতোই কয়েক ঘণ্টার নোটিশে কাল বিকেএসপি থেকে ঢাকায় ডেকে পাঠানো হলো ফুটবল দলকে।
‘নরম’, ‘গরম’ সব রকম কথাই ফুটবলারদের বললেন সালাউদ্দিন। আবাহনীর কাছে হারটাকে ভালোভাবে নিতে পারেননি, ক্ষোভের সঙ্গে জানিয়ে দিলেন সেটিও। যদিও এটি অনুশীলন ম্যাচ, এতে হার মানেই সব শেষ নয়। তার পরও একটা ক্লাবের কাছে জাতীয় দলের হারকে বঙ্গবন্ধু কাপের জন্য বড় ধাক্কাই মানছেন উদ্বিগ্ন সালাউদ্দিন।
ফুটবলারদের বললেন, ‘তোমাদের ওপরই ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে। তোমরা ভালো খেলে প্রত্যাশা মেটাতে পারলে সাংগঠনিক কাজে আমরা উজ্জীবিত হব।’ তাঁর কণ্ঠে ক্ষোভ, ‘আবাহনীর কাছে তোমরা হারবে কেন! এটা মোটেও ভালো হয়নি। আমরা খুবই আশাহত হয়েছি।’ পরে বাফুফে ভবন ছাড়ার সময় ছোট্ট একটা কথা বলেই বোঝাতে চাইলেন নিজের হতাশা, ‘ঘরের মাঠে বঙ্গবন্ধু কাপে দল ভালো কিছু না করলে সবই শেষ!’
অভিভাবককে শুধু বকুনি দিলেই হয় না, উদ্বুদ্ধও করতে হয়। সালাউদ্দিন সেটি জানেন বলেই খেলোয়াড়দের জন্য প্রেরণামূলক কথা বলতেও ভুললেন না, ‘জানি ভালো খেলার সামর্থ্য আছে তোমাদের, তোমরা ভালো খেলোয়াড়। একটু চেষ্টা করলেই নিজেদের তুলে ধরা সম্ভব। কাজেই দেশের জন্য খেলো।’
ফুটবলাররা সব কথাই মাথা নিচু করে শুনেছেন। নিজেরাও কথা বলেছেন। মামুনুল, এমিলি, জাহিদ, মিশু সভাপতির সামনে বক্তব্য রেখে দিলেন একটা প্রতিশ্রুতি। এতদিন তো বিচ্ছিন্নভাবে ফুটবলাররা বলেছেন, বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য তাঁদের। কাল শুধু লক্ষ্য নয়, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে খেলার প্রতিশ্রুতিই দিয়েছেন বাফুফে সভাপতিকে।
বিকেলে বিকেএসপি ফিরে যাওয়ার সময় অধিনায়ক মামুনুল ইসলাম বলছিলেন, ‘সালাউদ্দিন ভাইকে বলেছি, ইনশা আল্লাহ আমরা সেফিাইনালে উঠবই। নিজেদের সামর্থ্যের সবটা ঢেলে লক্ষ্য পূরণ করব। আবাহনীর সঙ্গে ম্যাচে ভালো খেলেও নিজেদের ভুলে প্রতি-আক্রমণে দুটি গোল খেয়ে যাই। বঙ্গবন্ধু কাপে এই ভুলগুলো করব না। সভাপতিকে এ ব্যাপারে সবাই আশ্বস্ত করেছি।’
তবে সবকিছুর পরেও জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স কিন্তু এখন প্রশ্নবিদ্ধই। বিশেষ করে আক্রমণভাগের ব্যর্থতা দিন দিনই প্রকট হয়ে উঠছে। গোলের রাস্তা চেনা স্ট্রাইকারের অভাব দুশ্চিন্তা বাড়িয়েছে কোচ সাইফুল বারীর। কিন্তু তেমন খেলোয়াড় পাচ্ছেন কই! পরশুর অনুশীলন ম্যাচে আবাহনীর দুজন খেলোয়াড় শাহেদ ও কোমল খুব ভালো খেলেছেন। জাতীয় দলের তারকারা এ দুজনের কাছে ছিলেন অনুজ্জ্বল। তাই শাহেদ ও কোমলকে জাতীয় দলে ডাকতে বাফুফেকে গতকালই অনুরোধ করেছেন সাইফুল। কোমল খেলেন আক্রমণভাগে, শাহেদ মাঝমাঠে।
এই দুজনকে নিয়ে ক্যাম্পে খেলোয়াড় হবে ২৮ জন। পাঁচজনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ২৩ জনের। সেই দলটির সামনে অপেক্ষা করছে সালাউদ্দিনকে দেওয়া প্রতিশ্রুতি রাখার চ্যালেঞ্জ।