'সেরা বছর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম
মামুনুল ইসলাম

সাতটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ আসবে ভাবতেই পারেননি। পাঁচটি ম্যাচই আবার ঘরের মাঠে। ২০১৪ সালটা শুধু এ কারণেই মামুনুল ইসলামের কাছে স্মরণীয়। সেই আনন্দে জাতীয় দলের অধিনায়ক নির্দ্বিধায় বলে দিচ্ছেন, ‘বাংলাদেশের ফুটবলে এটিই আমার দেখা সেরা বছর।’
ঢাকার বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দর্শকের ঢল সব সময়ই উদ্দীপনা জোগায় মামুনুলকে। ক্যারিয়ারে অনেক ম্যাচই খেলেছেন। এর আগেও টুকটাক কিছু প্রীতি ম্যাচ খেলা হয়েছে। ২০১৩ সালে বাংলাদেশ একটি মাত্র প্রীতি ম্যাচ খেলেছে পাকিস্তানের সঙ্গে, সেটি ঢাকায়। ২০১২ সালে তিনটি প্রীতি ম্যাচের সব কটিই বিদেশে। ২০১১ সালে তো প্রীতি ম্যাচই খেলা হয়নি।
মামুনুল তাই উচ্ছ্বসিত, ‘দেশে এ বছরই প্রথম এতগুলো প্রীতি ম্যাচ খেলা বিরাট অগ্রগতি আমাদের জন্য। এশিয়াডে ভালো খেলা, আফগানিস্তানকে হারিয়ে দুই যুগের জয়খরা ঘোচানোও কম প্রাপ্তি নয়।’
শেখ জামালের আন্তর্জাতিক সাফল্য তাঁর চোখে ফুটবলের জন্য নতুন আশার ঝিলিক, ‘শেখ জামাল বাংলাদেশের ক্লাব ফুটবলকে নিয়ে গেছে দেশের বাইরেও।’ শেষ পর্যন্ত খেলার সুযোগ না পেলেও ইন্ডিয়ান সুপার লিগে নাম লিখিয়ে মামুনুল নিজেও ছাড়িয়ে গেছেন দেশের সীমানা।