'সেলফি' নিয়ে কিনকে জবাব
শিরোপা জেতার স্মৃতিতে একটু বেশিই ধুলো জমে গেছে। ২০০৪ সালের পর যে আর প্রিমিয়ার লিগের ট্রফিতে হাত ছোঁয়াতে পারেনি আর্সেনাল! না জেতার অনেক কারণই থাকতে পারে, তবে রয় কিনের কথাটা আপনাকে অবাক করতে বাধ্য। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের দাবি, আর্সেনাল খেলোয়াড়েরা শিরোপা জেতার চেয়ে ‘বেশি বেশি সেলফি তোলা আর শরীরচর্চার’ দিকেই মনোযোগী!
কিন এমন একটা দাবি করবেন, আর আর্সেনাল খেলোয়াড়দের সবাই মুখ বুজে থাকবেন, সেটা তো আর হয় না! জবাবটা দিলেন আর্সেনাল উইঙ্গার অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন। সামাজিক যোগাযোগের এই যুগে সেলফি তোলেন না এমন খেলোয়াড়ের সংখ্যা আসলেই কম। চেম্বারলেইন সেটাই মনে করিয়ে দিলেন, ‘এটা তো নতুন একটা যুগ, তাই না? কেউ কেউ এটা করে (সেলফি তোলা), কেউ আবার করে না। কিন্তু ট্রফি জেতার ব্যাপারে আমরা আন্তরিক।’
আর্সেনাল খেলোয়াড়দের মনঃসংযোগে ঘাটতি থাকার দাবিটাও উড়িয়ে দিলেন চেম্বারলেইন, ‘ব্যক্তিগতভাবে এবং দলের বাকিদের হয়েও আমি মনে করি, যত দিন ক্লাবে আছি, শিরোপা জয়টাই শুধু আমাদের ধ্যানজ্ঞান। আপনি মাঠে আমাদের খেলা দেখলেই সেটা বুঝতে পারবেন। আমরা সব সময়ই ট্রফি জিততে চেয়েছি, গত কয়েক বছরে কয়েকটা জিতেছিও। এই মৌসুমে আমরা আরও ভালো করতে চাই।’
নতুন মৌসুমটা আর্সেনালকে আশাই দেখাচ্ছে, চেলসিকে হারিয়ে জিতেছে কমিউনিটি শিল্ড। একমাত্র গোল করেছিলেন চেম্বারলেনই। আর্সেনাল উইঙ্গার একটু আত্মবিশ্বাসী তো হতেই পারেন! এএফপি।