'স্করপিয়ন কিং' এবার জিরু
ডোয়াইন জনসন কি খুশি হবেন, নাকি মনঃক্ষুণ্ন হবেন? হলিউডের এই অভিনেতা ও রেসলারকে ‘দ্য রক’ নামেই মানুষ বেশি চেনে। হঠাৎ করে তাঁর খুশি হওয়া বা মনঃক্ষুণ্ন হওয়ার কথা আসছে, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অনেকেই তাঁর মতো ‘স্করপিয়ন কিং’ হয়ে উঠছেন। প্রথমে হেনরিক মেখিতারিয়ান। সর্বশেষ অলিভিয়ে জিরু।
একসময় ইংল্যান্ডের ফুটবল নীরস আর কাঠখোট্টা বলে পরিচিত ছিল! কঠিন ট্যাকল আর বাতাসে খেলা ইংলিশ ফুটবলের অন্যতম দুটি বিশেষত্ব ছিল। সেই ফুটবল অনেক আগেই গত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতামুখর ইংলিশ ফুটবল এখন সারা বিশ্বেই দারুণভাবে সমাদৃত। অসাধারণ সব গোল দেখে ফুটবলপ্রিয় মানুষের চোখ তৃপ্ত হয় প্রায়ই। তবে গত ছয় দিনের মধ্যে এমন দুটি গোল দেখা গেল, যা কালেভদ্রে হয়। বক্সিং ডেতে শিল্পিত একটি গোলে সবাইকে মুগ্ধ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মেখিতারিয়ান। সান্ডারল্যান্ডের বিপক্ষে ইব্রাহিমোভিচের একটি ক্রস নাগালের বাইরে ছিল তাঁর। ঠিক তখনই ‘স্করপিয়ন’ মানে বিচ্ছু হয়ে গেলেন আর্মেনিয়ান মিডফিল্ডার। বাঁ পায়ে শরীরের ভর রেখে বিচ্ছুর লেজের মতো ভঙ্গিতে ডান পা উঠিয়ে দিলেন ছোঁয়া লাগালেন বলের পেছনে। ব্যাক হিল! বলও ঠিকানা খুঁজে পেল। স্করপিয়ন গোল!
নিজেদের মাঠে পরশু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে একইভাবে গোল করলেন আর্সেনাল স্ট্রাইকার জিরু। গোলটির জন্য তাঁরই চেষ্টা ছিল প্রথমে। মাঝমাঠে দারুণ ফ্লিকে পাস দিয়েছিলেন গ্রানিত জাকাকে। এরপর অ্যালেক্স ইয়োবির পা ঘুরে বল পান অ্যালেক্সিস সানচেজ। সানচেজের ক্রসটি জিরুর নাগালে ছিল না। কিন্তু ডান পায়ে ভর করে বাঁ পা উঠিয়ে ব্যাক হিল করেন। স্করপিয়ন গোল! জিরুর পর গোল করেন অ্যালেক্স ইয়োবি। আর্সেনালও ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিল্পিত এই গোল দেখে মুগ্ধ অনেকেই। আর্সেনাল কোচও এর বাইরে নন। জিরুর প্রশংসায় পঞ্চমুখ আর্সেন ওয়েঙ্গার, ‘সে গোলটিকে শিল্পে রূপ দিয়েছে।’ এএফপি।