'স্টোক টেস্ট' পাস করতেন মেসি?

লিওনেল মেসি কি ‘স্টোক টেস্ট’ পাস করতেন? নাকি ফেল মেরে যেতেন? ডেনিস সুয়ারেজের মনে কিন্তু কোনো দ্বিধা নেই, তাঁর বার্সা সতীর্থ শুধু পাসই করতেন না, লেটার নম্বরও পেতেন।
ব্রিটিশ ফুটবল পণ্ডিতদের দেওয়া তত্ত্ব এই ‘স্টোক টেস্ট’। যুক্তরাজ্যের স্টোকের ঝোড়ো ভেজা বাতাস, সঙ্গে ইংলিশ ফুটবলের শরীর-নির্ভর ফুটবল। বিশ্বের যেকোনো সেরা ফুটবলার যদি এর সঙ্গে পাল্লা দিতে পারে, তবেও বোঝা যাবে সে আসলেই সেরা। মেসির দিকেও এই প্রশ্ন ছুটে যায়, নিজেকে প্রমাণ দিতে তাঁর ইংলিশ ফুটবলে এসে খেলা উচিত। ক্রিস্টিয়ানো রোনালদো যেমন খেলেছেন।
ডেনিস সুয়ারেজ কিন্তু মনে করেন, মেসির এখন আর নিজেকে প্রমাণের কিছু নেই। বার্সার নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে সুয়ারেজের ইংলিশ ফুটবলের কিছুটা অভিজ্ঞতা আছে।
ম্যানচেস্টার সিটির যুব একাডেমিতে কাটিয়ে এসেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সেই সূত্রে ইংলিশ মিডিয়ার কাছেও চেনা।
ব্রিটিশ দৈনিক অবজারভার তাঁকে প্রশ্নটা করেছিল মেসিকে নিয়ে—মেসি কি ইংলিশ ফুটবলের বৃষ্টি ভেজা কঠিন কন্ডিশনেও সফল হতেন? উত্তরে সুয়ারেজ বলেছেন, ‘অবশ্যই। ও বল ধরে, তিনটা খেলোয়াড়কে পাশ কাটিয়ে ঠিকই গোল করত। আমি ওকে বৃষ্টির মধ্যে এটা করতে দেখেছি, ঝলমলে রোদের মধ্যেও। ও যখন খুশি, যেখানে খুশি নিজের মতো করে খেলতে পারে। এ কারণেই মেসি অনন্য। বিশ্বের যেকোনো দলে ওকে নিন, ও বিশ্বের সেরা হয়েই দেখাবে। একই রকম খেলবে। আর ইংলিশ দলগুলোর বিপক্ষে ও তো এমনিতেই ভালো খেলে।’
প্রসঙ্গটা উঠছে, আগামীকাল মঙ্গলবার যে সিটির মাঠে গিয়ে খেলবে বার্সেলোনা, চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে। গতবার মেসির হ্যাটট্রিকেই লজ্জা নিয়ে ফিরেছিল পেপ গার্দিওলার দল। এবার?