'স্প্যানিশ' চ্যাম্পিয়নস লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ে সবচেয়ে গর্বিত মানুষটি কে আন্দাজ করুন তো! অ্যাঞ্জেল মারিয়া ভিলার। না, কোনো ক্লাবের কোচ বা খেলোয়াড় নন, ভদ্রলোক রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। তাঁর গর্বিত হওয়ার কারণ, এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই খেলবে স্পেনের পাঁচটি ক্লাব। ইতিহাসে এই প্রথম কোনো একটি দেশের পাঁচটি ক্লাব অংশ নিচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটিতে।
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ তো ছিলই, গত মৌসুমে ইউরোপা লিগ জিতে সরাসরি গ্রুপ পর্বে সুযোগ পেয়েছে সেভিয়াও। আর চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে দুই লেগ মিলিয়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে ৪-৩ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে ভ্যালেন্সিয়া।
গত পরশু দ্বিতীয় লেগে মোনাকোর মাঠে অবশ্য ২-১ গোলে হেরে গেছে ২০০০ ও ২০০১ সালের রানার্সআপ ভ্যালেন্সিয়া। প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকা স্প্যানিশ দলটি পরশু আরও এগিয়ে যায় ম্যাচের ৪ মিনিটে আলভারো নেগ্রেদোর গোলে। তবে ১৭ ও ৭৫ মিনিটে দুই গোল করে ফিরে আসার চোখরাঙানি দিচ্ছিল ২০০৪ সালের রানার্সআপ মোনাকো। শেষ পর্যন্ত নিজেদের রক্ষণ সামলেই দুই বছর পর ইউরোপের কুলীনদের মাঝে পৌঁছে গেল ভ্যালেন্সিয়া।
পরশু চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে ১৯৬৬-৬৭ মৌসুমের শিরোপাজয়ী সেল্টিকও। সুইডেনের ক্লাব মালমোর মাঠে ২-০ গোলে হেরে বাদ পড়েছে স্কটিশ ক্লাবটি। প্রথম লেগটি অবশ্য ৩-২ গোলে জিতেছিল সেল্টিক। বাদ পড়েছে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলও, ‘অ্যাওয়ে গোলে’র খাঁড়ায়। ইসরায়েলের ক্লাব ম্যাকাবি তেল আবিবের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। এর আগে প্রথম লেগটা শেষ হয় ২-২-গোলে।
টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে থাকছে শাখতার দোনেৎস্ক, প্লে-অফে অস্ট্রিয়ার র্যাপিড ভিয়েনাকে হারিয়ে দিয়েছে ইউক্রেনের দলটি। এএফপি।