'স্বপ্ন দেখলে বড়ই দেখা উচিত'

ক্যারিয়ারে অনেক সাক্ষাৎকারই দিয়েছেন তিনি। এবার ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরি নিজেই হয়ে গেলেন প্রশ্নকর্তা, স্কাই স্পোর্টসের হয়ে সাক্ষাৎকার নিলেন স্বদেশি পল পগবার। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারও সেটি ভালোই উপভোগ করেছেন—
থিয়েরি অঁরি: চলো শুরু করা যাক। তুমি তো ইউনাইটেড ছেড়েছিলে একদম অল্প বয়সে, আর এখন ফিরছ সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে। আচ্ছা, ইউনাইটেডেই কেন?
পল পগবা: সত্যি বলতে কি, আমি কিন্তু ইউনাইটেডকে সব সময়ই ভালোবেসেছি। আমি তখন চলে গিয়েছিলাম, কারণ আমি খেলতে চেয়েছি। আমি বিশ্বকে, ইউনাইটেডকে দেখাতে চেয়েছি আমি খেলার জন্য প্রস্তুত। আর এবার ফেরার মানে—ইউনাইটেডের জন্য আমার হৃদয়ে সব সময়ই জায়গা ছিল।
অঁরি: এই মৌসুমটা কেমন হলে সফল মনে করবে?
পগবা: আমি লিগ চাই, কাপ চাই, সঙ্গে ইউরোপা লিগও চাই।
অঁরি: তার মানে সবকিছুই?
পগবা: হ্যাঁ, সবকিছুই।
অঁরি: এবার ওল্ড ট্রাফোর্ডে প্রথম ম্যাচের অনুভূতি কেমন ছিল?
পগবা: আমার আসলে তর সইছিল না। একদমই না। আর কিছু বলার নেই। নতুন দলের হয়ে, নতুন জার্সিতে খেলার জন্য আমি মুখিয়ে ছিলাম।
অঁরি: তোমার চুলের পাশে ওই লাল রঙের দাগের রহস্য কী?
পগবা: নতুন দল তো, এ জন্যই নতুন এই ছাঁট।
অঁরি: জুভেন্টাসে থাকতে তো ইব্রাকে নিয়ে অনেক কিছু শুনেছ। আর এখন ওর সঙ্গে একই দলে খেলছে...
পগবা: বড় খেলোয়াড়দের সঙ্গে খেলতে ভালোই লাগে। আমার সৌভাগ্য, জুভেন্টাসে সে রকম কয়েকজনকেই পেয়েছি। আর ইব্রা তো রসিকতা খুবই পছন্দ করেন। আমাকে দেখলেই চুল বা জুতো নিয়ে কথা বলেন। ইনস্টাগ্রামে আমার পোস্ট দেখেও সে খোঁচা দিতে ছাড়ে না। আসলেই খুব মজার মানুষ।
অঁরি: আচ্ছা, স্যার অ্যালেক্স ফার্গুসনের কথায় এবার আসা যাক...
পগবা: শ্রদ্ধা ও সম্মান। ফুটবল ইতিহাসের সেরা কোচ। আমার তাঁর সঙ্গে কোনো সমস্যা নেই। কখনোই ছিল না। সমস্যা শুধু একটাই, আমি আরও বেশি ম্যাচ খেলতে চেয়েছিলাম। হয়তো তিনি মনে করেছিলেন, আমার জন্য ব্যাপারটা একটু তাড়াতাড়িই হয়ে গেছে। তবে এটা ঠিক, আমি তৈরি ছিলাম। আর তাঁর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। আমি তাঁকে আগেও সম্মান করেছি, এখনো করি। আশা করি, সামনেই আমাদের দুজনের দেখা হবে।
অঁরি: তোমার সবচেয়ে ভালো গুণ কোনটা?
পগবা: প্রশ্নটা খুবই কঠিন। কারণ, আমি আসলেই জানি না। আমার মনে হয়, বল কেড়ে নিয়ে ঢুকে পড়াটা আমি উপভোগ করি। আমার এক জোড়া লম্বা পা আছে, দৌড়টাও আমি ভালোই পারি। আবার গোল করাতে বা শুট করতে, অন্য সব ডিফেন্ডার, মিডফিল্ডার বা স্ট্রাইকারদের মতো...এসব তো আছেই। তবে আমার মনে হয়, আমার সেরা দিক হচ্ছে আমি বক্স থেকে বক্স খেলতে পারি। রক্ষণ থেকে আক্রমণ যাকে বলে। তবে একটা গুণ বলা সম্ভব নয়।
অঁরি: তোমার এই প্রশ্নটাই কিন্তু আমি নিজেকে করি। আমার তো মনে হয়, এই ছেলে তো সবই পারে! ওর সেই যোগ্যতা আছে। আমি কী বলছি তুমি কি বুঝতে পারছ?
পগবা: হ্যাঁ, তা তো পারছিই।
অঁরি: আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি। তুমি তো সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয়। এই যুগে অবশ্য সবাইকে সেখানে থাকতে হয়। কিন্তু আমি আসল পগবা সম্পর্কে জানতে চাই। মা বা ভাইবোনেরা যে পগবাকে চেনে, সেই পগবা আসলে কেমন?
পগবা: আমাকে যেমন দেখছেন, আমি এমনই। আমি মাঠেও কোনো ভান করি না। আমি কোনো অভিনেতা নই। মাঠেও আমি রসিকতা করতে বা হাসতে পছন্দ করি। মাঠের বাইরেও তা-ই। আমি খুবই সাদামাটা একজন মানুষ। আমি ফুটবল ভালোবাসি, এর বাইরে জীবনকে উপভোগ করার চেষ্টা করি। আমরা কিন্তু ফুটবল খেলতে পেরে সৌভাগ্যবান, কত লোক আমাদের দেখছে! কত পঙ্গু ছেলে চাইলেও ফুটবল খেলতে পারছে না। তাদের খুশি করতে পারলে আমার ভালো লাগে। এটাই আমার জীবনদর্শন। আংকেল প্যাট (প্যাট্রিস এভরা) যেমন বলে, ‘আমি ফুটবল ভালোবাসি’!
অঁরি: হ্যাঁ, আমারও মনে আছে এটা। অনেক আগের কথা অবশ্য।...
পগবা: হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি কিন্তু তখন থেকেই আপনার ভক্ত। আমি তখন থেকেই আপনাকে অনুসরণ করি। আমার ঘরে আপনার একটা পোস্টার ছিল। আর এখন আমি আপনার সঙ্গে কথা বলছি, ভাবতেই অন্য রকম লাগছে আমার!
অঁরি: আচ্ছা, তুমি তো বলেছিলে ব্যালন ডি’অর জিততে চাও, না মানুষ এটা... (পগবা বাধা দিলেন)
পগবা: না, আমিই বলেছিলাম। এটা আমার স্বপ্ন, আমি সব সময়ই এটা জিততে চেয়েছি। কে জানে, একদিন হয়তো এটা পূরণ হবে, আবার না-ও হতে পারে। কিন্তু আমি সেটি পূরণ করার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাব।
অঁরি: এটাই কি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ?
পগবা: আমি আসলে লক্ষ্যের কথা বলছি। আমার এ রকম বেশ কিছু স্বপ্ন আছে, যেগুলো হয়তো পাগলাটে শোনাতে পারে। কিন্তু স্বপ্ন দেখলে বড়ই দেখা উচিত।