'স্বপ্নপূরণ' হতে যাচ্ছে কাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে কাকাকে? ফাইল ছবি।
আবার ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে কাকাকে? ফাইল ছবি।

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ দলে ছিলেন, তেমন একটা খেলার সুযোগ অবশ্য পাননি। পরের দুই বিশ্বকাপে তো ব্রাজিলের অপরিহার্য সদস্যই ছিলেন। কী অবিশ্বাস্য, সেই কাকার কখনো কোপা আমেরিকা খেলাই হয়নি।
২০০৭ সালে যখন ফর্মের তুঙ্গে ছিলেন, ক্লান্তির জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পরের বার চোটের জন্য দর্শক হয়ে ছিলেন। এবারও ব্রাজিল কোচ দুঙ্গা যখন কাকাকে ২৩ সদস্যের দলে রাখলেন না, মনে হচ্ছিল কোপা আমেরিকায় খেলতে না পারার অতৃপ্তি নিয়েই হয়তো ক্যারিয়ার শেষ করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত পাকেচক্রে সেই সুযোগ পেয়ে যাচ্ছেন। চোটগ্রস্ত ডগলাস কস্তার জায়গায় দুঙ্গা ডেকেছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে।
এই মুহূর্তে মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটির হয়ে খেলছেন কাকা। দুঙ্গা অবশ্য তাঁকে ৪০ জনের প্রাথমিক দলে রেখেছিলেন। পরে ২৩ জনের চূড়ান্ত দলে আর জায়গা হয়নি। কিন্তু ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তার ঊরুর চোটের কারণে ভাগ্য খুলে গেল কাকার। কোপার ব্রাজিল দলে কাকাই সবচেয়ে অভিজ্ঞ—জাতীয় হয়ে খেলেছেন সবচেয়ে বেশি, ৯১টি ম্যাচ। সবচেয়ে বেশি ২৯ গোলও তাঁর। ২৩ জনের দলে গোলের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর একজনই—হাল্ক (১২টি)।