'স্বার্থপর নন, রোনালদো উচ্চাকাঙ্ক্ষী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর গুনমুগ্ধ পগবা। ছবি-এএফপি।
রোনালদোর গুনমুগ্ধ পগবা। ছবি-এএফপি।

তাঁকে নিয়ে মুগ্ধ মানুষের সংখ্যাই বেশি। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচকও আছেন। আর সেই সমালোচকদের একটা বড় অংশের দাবি, রোনালদো স্বার্থপরের মতো খেলেন। নিজের সাফল্যের কথাটাই সবার আগে ভাবেন। যে সমালোচনাটা ভুল বলেই মনে করেন জুভেন্টাস মিডফিল্ডার পল পগবা। স্বার্থপর নন, রোনালদো উচ্চাকাঙ্ক্ষী মনে করেন তিনি। যে উচ্চাকাঙ্ক্ষা দিন শেষে দলের সাফল্যই বয়ে আনে।

এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা তরুণ ফুটবলার পগবা। আগেও বেশ কয়েকবার সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ফরাসি এই মিডফিল্ডার। রোনালদোর সমালোচকদের জবাব দিতে গিয়ে এবারও তাঁর সেই মুগ্ধতাই নতুন করে প্রকাশ পেল। খুব স্পষ্ট করে বলেছেন, ‘কে না এক নম্বর হতে চায়? দলগত খেলায় এটা কি স্বার্থপরতার লক্ষণ? আরে, সে যদি গোল করে তাতে তো দলেরই লাভ। এটা স্বার্থপরতা হয় কী করে! রোনালদো কখনো একটা মিনিটও বেঞ্চে বসে থাকতে চায় না। ও উচ্চাকাঙ্ক্ষী। সে রেকর্ড গড়তে চায়, ব্যালন ডি’অর জিততে চায়। এতে তো দলেরই লাভ। এটা স্বার্থপরতা নয়।’

তাঁর নিজেরও রোনালদোর মতো এমন উচ্চাকাঙ্ক্ষা রয়েছে বলে দাবি করেছেন পগবা, ‘আমি হারতে ঘৃণা করি। আমি এমন কিছু করতে চাই যা অন্য কেউ আগে করতে পারেনি।’ ইএসপিএন।