'সৎ' ও 'পরিচ্ছন্ন' ব্ল্যাটার!
>

আমি জানি যে আমি একজন সৎ মানুষ। আমি পরিচ্ছন্ন। আমি এসব নিয়ে চিন্তিত নই
অনিয়ম, ঘুষ কেলেঙ্কারি আর দুর্নীতির অভিযোগ নাড়িয়ে দিয়েছে ফিফাকে। যার জের ধরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, ঘোষণা করা হয়েছে নতুন সভাপতি নির্বাচনের তারিখও। তবে বিদায়ের আগে নিজেকে আরও একবার ‘সৎ’ ও ‘পরিচ্ছন্ন’ বলে দাবি করলেন ব্ল্যাটার। সঙ্গে একটু অনুযোগও করলেন, খেলাটির জন্য তিনি যা করেছেন, সেটা এখন না হলেও পরে ঠিকই বুঝতে পারবে মানুষ!
১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতির পদে ব্ল্যাটার। গত মেতে ফিফার সর্বশেষ সভাপতি নির্বাচনেও জিতেছেন বড় ব্যবধানে। কিন্তু ব্ল্যাটার নির্বাচিত হওয়ার মাত্র দুদিন আগে দুর্নীতি আর ঘুষ কেলেঙ্কারির অভিযোগে টালমাটাল হয়ে পড়ে ফিফা। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আইন প্রয়োগকারী সংস্থা ফিফার বিরুদ্ধে তদন্তে নামে। ১৪ জন ফুটবল কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১২৯ মিলিয়ন ইউরো ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে, যাঁদের মধ্যে আছেন সাবেক ফিফা সহসভাপতি জেফরি ওয়েবসহ সাতজন উচ্চপদস্থ ফিফা কর্মকর্তা। এসব অভিযোগে সুইজারল্যান্ডের একটি হোটেল থেকে বেশ কয়েকজন ফিফা কর্মকর্তাকে আটকও করে সুইস পুলিশ। যার এখনো তদন্ত চলছে। এ ছাড়া ঘুষের বিনিময়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব রাশিয়া ও কাতারকে দেওয়া হয়েছে কি না, তা নিয়েও তদন্ত করছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আইন প্রয়োগকারী সংস্থা।
এসব ঘটনার জের ধরেই নির্বাচিত হওয়ার চার দিনের মাথায় পদত্যাগ করেন ব্ল্যাটার। যদিও শুরু থেকেই নিজেকে ‘সৎ’ বলে দাবি করে আসছিলেন তিনি। একই দাবি আরও একবার করলেন পরশু বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে, ‘আমি কী করেছি এবং কী করিনি, সেটা আমি জানি। আমার তো বিচারবুদ্ধি আছে এবং আমি জানি যে আমি একজন সৎ মানুষ। আমি পরিচ্ছন্ন। আমি এসব নিয়ে চিন্তিত নই।’
ফিফায় দুর্নীতি আছে কি না প্রশ্নে ব্ল্যাটারের জবাব, ‘এটা সত্য নয়। এসব বানানো হয়েছে। প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত নয়, ফুটবলে কোনো দুর্নীতি নেই। ফিফার যে মানুষগুলো আছেন, কিংবা যাঁরা ফিফায় কাজ করেছেন, তাঁদের মধ্যে থাকতে পারে।’
সেই সব মানুষের আচরণ নিয়ে আগে কেন মুখ খোলেননি এমন প্রশ্নে ব্ল্যাটারের ব্যাখ্যা, ‘সমস্যা হচ্ছে ফিফা নির্বাহী কমিটির সমন্বয়ে গঠিত। সভাপতি যেভাবে নির্বাচিত হয়ে আসেন, নির্বাহী কমিটির সদস্যরা তো সেভাবে নির্বাচিত হয়ে আসেন না। তাঁরা আসেন মহাদেশীয় নির্বাচনের মাধ্যমে। যাঁরা আমার লোক নন, তাঁদের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। ওদের দায় কি নৈতিকভাবে আমার ওপর বর্তায়? আমি তা মনে করি না। আমি শুধু তাঁদের পথে বাধা তৈরি করতে পারি, যাতে এসবের পুনরাবৃত্তি না হয়।’
নিজে ‘সৎ’ হওয়ার পরও পদত্যাগের ঘোষণা দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্ল্যাটার বলেছেন, ‘আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি, কারণ আমি ফিফাকে রক্ষা করতে চাই। আমি নিজেকে রক্ষা করতে পারি। সেই শক্তি আমার আছে।’
ভাবীকাল একসময় ঠিকই তাঁর মূল্যায়ন করবে বলেও আত্মবিশ্বাসী ব্ল্যাটার, ‘আমি নিশ্চিত মানুষ বুঝতে পারছে, ফিফার হয়ে আমি ভালো কাজ করেছি। ফুটবলের উন্নয়নের জন্য, তরুণদের শিক্ষার জন্য সঠিক কাজ করেছি। যাঁরা আমাকে এখন পছন্দ করে না বা ফিফাকে পছন্দ করে না তাঁরাও একদিন বুঝতে পারবে, ওরা ভুল ছিল।’ এএফপি, রয়টার্স।