'হয়তো আমার ক্যারিয়ারের সেরা বছর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

কাল থেকে যদি আর ফুটবল নাও খেলেন, ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের অন্যতম সেরাদের তালিকাতেই থাকবেন। কিন্তু তিনি যে রোনালদো! অন্তহীন তাঁর সাফল্যক্ষুধা। তৃতীয়বারের মতো ফিফা-ব্যালন ডি’অরের জয়ের পর ফিফাডটকমের সঙ্গে সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার বলেছেন সেই সাফল্যক্ষুধার কথা, উঠে এসেছে ভবিষ্যৎ পরিকল্পনাও
 এ নিয়ে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন, এখানে আসার অভিজ্ঞতা হয়েছে আরও অনেকবার। তার পরও মঞ্চে আপনাকে খুব আবেগাপ্লুত দেখা গেল। তার মানে রোমাঞ্চটা এখনো আগের মতোই আছে?
ক্রিস্টিয়ানো রোনালদো: এটা (ব্যালন ডি’অর) জিততে কতটা অধ্যবসায়, পরিশ্রম দরকার হয় তা আমি জানি। এ কারণেই আমি আবেগাপ্লুত হয়ে যাই, তা সে যতবারই জেতা হোক না কেন! আগামী বছরগুলোতেও অনেকবার এভাবে অনুভূতিটা প্রকাশ করতে পারব বলে আশা করি।
 সেরা হওয়া এক ব্যাপার আর সেটি দীর্ঘদিন ধরে রাখা অন্য ব্যাপার। যেটা আপনি করছেন। প্রথমবার যখন এখানে এসেছিলেন, তখন ভেবেছিলেন এরপর এত নিয়মিত আসতে হবে?
রোনালদো: সত্যি কথা বললে, ভাবিনি। সবকিছুই খুব দ্রুত হয়ে গেল। আমার মতেও অবস্থানটা ধরে রাখাই সবচেয়ে কঠিন। বিশ্বসেরা একাদশে টানা ৮ বছর থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। প্রতিবারই সেরা তিনে থেকেছি। খুব কম খেলোয়াড়ের এই সৌভাগ্য হয়েছে। আমার যতটা মনে হয়, শুধু আমি আর মেসি এটা করতে পেরেছি। বছরের পর বছর আমি ক্লাব ও জাতীয় দলের হয়ে পরিশ্রম করে যাচ্ছি যাতে এই অবস্থানটা ধরে রাখতে পারি। এই স্বীকৃতি প্রমাণ করে, আমি ঠিক পথেই এগোচ্ছি।
 কিছুক্ষণ আগেই আপনার এজেন্ট বলছিল, আপনি চাইলেই নাকি ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে পারবেন?
রোনালদো: (হাসি) হ্যাঁ, এটা অসম্ভব নয়। কিন্তু আমি যেটা আগেও বলেছি, এটা নির্ভর করছে আমার ফিটনেস কেমন থাকে, আমি কতটা উদ্বুদ্ধ থাকি, দলের জন্য কতটা প্রয়োজনীয় থাকি এসবের ওপর। তবে ৪০ বছর বয়সেও খেলতে হলে আমার হয়তো তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে যেতে হবে (হাসি)। সত্যি বললে, আমি তত দিনই খেলতে চাই যত দিন নিজের কাছে মনে হবে কিছু দিতে পারছি। যত দিন ক্লাব ও সমর্থকেরা আমাকে নিয়ে সন্তুষ্ট থাকবে। এর বেশি আর কিছু ভাবিনি।
 আপনি এমনিতেই একজন বৈচিত্র্যময় খেলোয়াড়। কিন্তু তার পরও গত কয়েক বছরে নিজের খেলায় যে নতুন মাত্রা যোগ করেছেন সেটা অন্যদের জন্য একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিয়েছে। রহস্যটা কী?
রোনালদো: কোনো রহস্য নেই। আমি সব সময় নতুন কিছু শিখতে চাই। আমার কাছে প্রতি মৌসুমই একটা নতুন চ্যালেঞ্জ, আমি সেভাবেই তৈরি হই। আগে যা করেছেন সেটাকে পেছনে রেখেই আপনাকে এগোতে হবে। বর্তমানে চোখ রাখতে হবে, ভাবতে হবে ভবিষ্যতের কথাও। আমি নিজেকে বলি, আমার আরও অনেক বছর খেলে যেতে হবে। বর্তমানটা যেমন ভালো যাচ্ছে, ভবিষ্যৎও তেমনি ভালো যাবে। আমার কাছে এটাই আমার শক্তির জায়গা। আমার মনে হয়, দীর্ঘদিন এই অবস্থানে থাকার ব্যাখ্যা এটাই।
 গত বছর আপনার সামনে দুটো বড় চ্যালেঞ্জ ছিল। চ্যাম্পিয়নস লিগ—যেখানে আপনার লক্ষ্যপূরণ হয়েছে। আর বিশ্বকাপ—যেখানে আপনি পুরো ফিট ছিলেন না। এ নিয়ে কোনো আক্ষেপ আছে?
রোনালদো: না, নেই। চ্যাম্পিয়নস লিগ জিততে গিয়ে আমি চোট পেয়েছি। যে চোট আমাকে বিশ্বকাপের আগে দুই সপ্তাহ বসিয়ে রেখেছে। আমি কিন্তু জাতীয় দলের কোচকে বলতে পারতাম, আমাকে দলে না রাখার জন্য। ওই সময়টা আমি ছুটি কাটাতে পারতাম, কোনো দুশ্চিন্তা থাকত না। আমার জন্য সেটাই সহজ হতো। কেউ আমাকে নিয়ে কিছু বলত না। কিন্তু আমি চেয়েছি চ্যালেঞ্জটা নিতে। তাই বলে চোটকে কোনো অজুহাত হিসেবে দেখাচ্ছি না। কিন্তু সত্যি কথা হচ্ছে, আমি শতভাগ ফিট ছিলাম না। আবারও বলছি, এটা কোনো অজুহাত নয়। আমি আজ এ পর্যন্ত এসেছি আমার ত্যাগ ও পরিশ্রমের কারণে। ঈশ্বর সবকিছুই দেখেন। গত বছর আমি সেরাদের মধ্যে ছিলাম বলেই আজ এখানে এসেছি।
 গত বছর চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে আপনার সেরা স্মৃতি কোনটা?
রোনালদো: শেষ পর্যন্ত ট্রফিটা তুলে ধরাই আমার সেরা স্মৃতি। অনেক আবেগ, রোমাঞ্চ, ফাইনালে শেষ মুহূর্তে গোল, সবকিছুর চূড়ান্ত ফল সেটা। আর ফাইনালটা পর্তুগালে ছিল, সেটাও আমার জন্য ঐতিহাসিক এবং দারুণ একটা মুহূর্ত। রিয়াল সমর্থকদের জন্যও এটা স্মরণীয় ঘটনা। লা ডেসিমা আমাদের সবারই অনেক দিনের চাওয়া ছিল। খুব বেশি দিন হয়নি আমরা ক্লাব বিশ্বকাপও জিতেছি, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ট্রফি। আসলে পুরো বছরটাই অবিস্মরণীয়। হয়তো ব্যক্তিগত ও দলগত পর্যায়ে আমার ক্যারিয়ারের সেরা বছরও।
 এর কতটা কৃতিত্ব কার্লো আনচেলত্তির পাওনা?
রোনালদো: তাঁর কোচিং গুণের কথা তো বলতেই হবে। তিনি যেখানেই গেছেন, অনেক ট্রফি জিতেছেন। শুধু কোচ হিসেবে নয়, তিনি মানুষ হিসেবেও অসাধারণ। আমার মনে হয় তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন, এ ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। এ কারণেই সবকিছু তিনি খুব দারুণভাবে বুঝতে পারেন। সবকিছুর ওপরে, আনচেলত্তি আসলে আমাদের সৌভাগ্যের প্রতীক। তিনি নিজে জিততে ভালোবাসেন এবং সেটা আমাদের ভেতরেও ঢুকিয়ে দিয়েছেন। তাঁকে রিয়াল মাদ্রিদের কোচ করাটা একটা দারুণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল।
 গত বছর ব্যালন ডি’অর জেতার সময় আপনার ছেলে আপনার সঙ্গে মঞ্চে ছিল। ওর বয়স এখন চার, এবারও সে মঞ্চে এসেছে। তার মতো একজন বিশেষ ভক্ত পাওয়া আপনার জন্য কতটা অনুপ্রেরণাদায়ক?
রোনালদো: হ্যাঁ, এটা আমার জন্য অবশ্যই বিশেষ কিছু। ক্রিস্টিয়ানোর (জুনিয়র) জন্ম আমার জীবনে আনন্দ আর প্রশান্তি এনে দিয়েছে। এমন না যে আমার জীবনে আগে প্রশান্তি ছিল না। কিন্তু ওর জন্মটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমার জীবনে। ওর সঙ্গে এ মুহূর্তগুলো ভাগাভাগি করা আমার জন্য গর্বের ব্যাপার। ও এখন অনেক কিছুই বুঝতে পারে। সত্যি বললে, গত বছরই সে এখানে এসে বুঝতে পেরেছে ওর বাবা কী। আমি রিয়াল মাদ্রিদে খেলি এটা সে জানে, ফুটবলের অনেক কিছু বোঝে। কোনটা বড় ট্রফি, কেন আমি ব্যালন ডি’অর জেতার চেষ্টা করি এসব বুঝতে পারে। আর একমাত্র ছেলে বলে আমিও ওকে নিয়ে অনেক আনন্দিত।
 তার মানে মাঠে আপনি ভালো বা খারাপ কিছু করলে সে বুঝতে পারে?
রোনালদো: (হাসি) না, ওইভাবে না। মানসিকভাবে তো এখনো এতটা বড় হয়নি। শুধু ফুটবলের সাধারণ ব্যাপারগুলো বুঝতে পারে। মানে, বিভিন্ন দল এবং খেলোয়াড়দের কথা জানে। ও নিজেও কিন্তু এখন ফুটবল খেলে, যা দেখে আমি গত বছর খুব বিস্মিত হয়েছি। প্রথম দিকে ওর পছন্দ ছিল গাড়ি, এখন পছন্দ ফুটবল। আমিও খুশি, কারণ ছেলের শখ পূরণে আমার এখন কম টাকা খরচ করতে হচ্ছে (হাসি)।