'হারিকেনে'র তীব্রতা বাড়িয়ে দিলেন ম্যারাডোনা

টটেনহাম হটস্পার কিংবা ইংল্যান্ডের খেলা মানেই দর্শকের চোখ একজনের ওপর এঁটে থাকা। তিনি আর কেউ নন—হ্যারি কেন। মাঠে নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষকে যেভাবে তছনছ করেন, তাতে অবশ্য তাঁর নামের সঙ্গে ‘হারিকেন’ শব্দটার মিল খুব করেই চোখ পড়ে। এমনিতেই কেনের যন্ত্রণায় স্বস্তিতে নেই ডিফেন্ডাররা। এবার যে আর মাঠে টেকার জো হবে না তাঁদের! স্বয়ং ম্যারাডোনা যে কেনকে বাতলে দিয়েছেন নিজেকে আরও শাণিয়ে নেওয়ার উপায়।
ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য লন্ডনে গিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তাঁর সফরসঙ্গী ছিলেন সাবেক স্পারস কিংবদন্তি অসভালদো আরদিলেস। ১৯৭৮ বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ম্যারাডোনাকে নিয়ে হাজির হয়েছিলেন ওয়েম্বলিতে। টটেনহাম তখন প্রস্তুতি নিচ্ছে লিভারপুলের বিপক্ষে মাঠে নামার। ম্যারাডোনার সঙ্গে খোশগল্পে মাতার খুব সময় ছিল না তাঁদের। কিন্তু ম্যারাডোনা বলে কথা। ফুটবল কিংবদন্তির সঙ্গে কথা বলা কিংবা দেখা করার সুযোগ তো আর প্রতিদিন আসে না!
ম্যারাডোনা প্রথম সুযোগেই জানিয়ে দিলেন হ্যারি কেনের প্রতি তাঁর দুর্বলতা। স্বগতোক্তি করলেন, ‘ওয়াও কী দারুণ গোলদাতা!’ এরপরই তাঁর কথা যেন কেন বুঝতে পারে, সেটা নিশ্চিত করতে সঙ্গী আরদিলেসকে বললেন অনুবাদকের ভূমিকা নিতে। আরদিলেস হাসিমুখে সে দায়িত্ব বুঝে নিতেই ম্যারাডোনার কেন-স্তুতির শুরু, ‘মরিসিওর (পচেত্তিনি) দলের মেরুদণ্ড দারুণ। এক প্রান্তে হুগো (লরিস) সব আটকে দিচ্ছে আর অন্য প্রান্তে হ্যারি সবকিছু গোল বানাচ্ছে।’
লিভারপুল ম্যাচের সময় ঘনিয়ে আসছিল। ম্যারাডোনা তাই এ সময়ের মাঝেই কেনকে আরও ভয়ংকর হয়ে ওঠার টোটকা দিয়ে দিলেন, ‘যাও, এখন ম্যাচ নিয়ে মাথা ঘামাও। আর হ্যারি, সব সময় কাছের পোস্টে শট করার চেষ্টা করো না। মাঝে মাঝে অন্য প্রান্তেও গোল করার চেষ্টা করো। কেন জানো? গোলরক্ষকেরা তোমাকে সব সময় দেখছে টিভিতে। তাই পরেরবার অন্য প্রান্তে!’
ম্যারাডোনার পরামর্শ সেদিনই কাজে লাগাতে পারেননি কেন। তাতেও অবশ্য টটেনহামের বড় জয় পেতে সমস্যা হয়নি। লিভারপুলকে ৪-১ গোলে উড়িয়ে দিতে ২টি গোল ও একটায় সহায়ক ভূমিকা কিন্তু ঠিকই করেছেন কেন!