'হাস্যকর ভুলে গোল খেয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুল বারী টিটু কোচ, চট্টগ্রাম আবাহনী
সাইফুল বারী টিটু কোচ, চট্টগ্রাম আবাহনী

রীতি মেনে পরাজিত দলের কোচ সাইফুল বারী টিটু আগে এলেন সংবাদ সম্মেলনে। মাঠে হাত মিলিয়ে আসেননি পোচনের কোচ কিম জা ইয়াংয়ের সঙ্গে। তাই সম্মেলনকক্ষে ঢুকে প্রথমেই টিটু দুঃখ প্রকাশ করে হাত মেলালেন কিমের সঙ্গে। অভিনন্দন জানাতেও ভুললেন না।
তা অভিনন্দন পাওয়ার মতোই খেলেছে পোচন। তাই তো স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে। অথচ এগিয়ে থেকেও ম্যাচ থেকে ছিটকে পড়েছে চট্টগ্রামের দলটি। রক্ষণের ভুলেই এভাবে হারতে হয়েছে বলে ম্যাচ শেষে জানালেন টিটু, ‘এই ধরনের ম্যাচ জিততে হলে যেমন খেলা উচিত, আমরা সেটা খেলতে পারিনি। আমরা হাস্যকর ভুলে গোল খেয়েছি। তবে যোগ্য দলের কাছেই হেরেছি। আসলে ভালো ডিফেন্ডিং ছাড়া ম্যাচ জেতা যায় না, সেটাই প্রমাণিত হলো। বাঁ দিক দিয়ে ওরা বেশি আক্রমণ করছিল। ঘুরিয়ে-ফিরিয়ে সেখানে অনেককে খেলালেও আমরা সেটা আটকাতে পারিনি।’
এগিয়ে থাকার পর রক্ষণাত্মক ফুটবল খেলেছে দল, এ কথা অবশ্য মানতে চাইলেন না টিটু, ‘আমরা রক্ষণাত্মক খেলিনি। ঘুরেফিরে যে কথাটা বলা হচ্ছে, আমরা নেতিবাচক ফুটবল খেলেছি। আমরা তো তা খেলিনি। রক্ষণ যদি ঠিক না রাখতাম, যদি ওপরে উঠে খেলতাম, তাহলে কি আমার জন্য সুবিধা হতো? যদি কেউ মনে করে, আমরা এক গোলে এগিয়ে যাওয়ার পর ডিফেন্সিভ হয়েছি, সেটা ভুল।’
বরং প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে চান টিটু, ‘আমাদের মানতে হবে, শ্রেয়তর দলের কাছেই হেরেছি। ওরা আমাদের চেয়ে ভালো খেলেই জিতেছে।’
শেখ কামালের হতাশার বড় একটা কারণ, প্রিমিয়ার লিগের মতো পারফরম্যান্স করতে পারেননি ব্রাদার্স থেকে আনা অগাস্টিন ওয়ালসন। টুর্নামেন্টে মাত্র তিন গোল করেছেন। লিগে করেছিলেন ১৩ গোল। এই হাইতিয়ানের কাছে তাই আরও বেশি কিছু প্রত্যাশা ছিল কোচের। সেমিফাইনালেও ছিলেন নিষ্প্রভ। সেই হতাশাটা প্রকাশও করলেন কোচ, ‘আসলে ওর কাছে আরও ভালো কিছু আশা করেছিলাম।’ একই সঙ্গে একটু সমবেদনাও জানালেন ওয়ালসনের প্রতি, ‘এই টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে ওকে পেয়েছি। দলের সঙ্গে মানিয়ে নিতে আরেকটু বেশি সময়ের প্রয়োজন ছিল ওর।’
বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে উঠে ভীষণ খুশি পোচন কোচ কিম জা ইয়ং, ‘আমরা কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করেছিলাম। ওরা বর্তমান চ্যাম্পিয়ন। এমন ম্যাচ জিতে ফাইনালে ওঠায় আমি খুশি।’ ফাইনালে ওঠার পর প্রত্যাশাটা কী হতে পারে, সেটি তো অনুমিতই। বলেও দিলেন সেটি, ‘এখন আমরা শিরোপা জিততে চাই।’