'হেক্সা' জেতা হল না ব্রাজিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-সার্বিয়া ম্যাচের একটি দৃশ্য ছবি: এএফপি।
যুব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-সার্বিয়া ম্যাচের একটি দৃশ্য ছবি: এএফপি।

নেইমার, আলভেজ, থিয়াগোদের ভাগ্যই বরণ করলেন গিলিয়ের্ম-বসশিলিয়ারা। অর্জনের ঝুলিতে পাঁচটি শিরোপা থাকলেও ষষ্ঠটি আর হাত দিয়ে ছুঁয়ে দেখা হল না তাদের। সেই ২০০২ থেকে যুব বিশ্বকাপে এই ষষ্ঠ শিরোপাটা আরাধ্য তাদের। এবার পুরোনো ইতিহাস পাল্টে দেওয়ার দারুণ এক সুযোগ এসেছিল ব্রাজিলের ২০ বছর বয়সী যুবাদের সামনে। কিন্তু আবারও ব্যর্থ তারা। শনিবার প্রতিযোগিতার ফাইনালে সার্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যুব বিশ্বকাপের ষষ্ঠ শিরোপাটি অধরাই থেকে গেছে ব্রাজিলের।
ফাইনালে সার্বিয়ার বিপক্ষে পরিষ্কার ফেবারিট ছিল ব্রাজিলের যুবারাই। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। বলের দখল, প্রতিপক্ষের পোস্টে সুযোগ তৈরি—সবকিছুতেই এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু দিনশেষে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপাটা সার্বিয়ার হাতেই।
খেলায় ব্রাজিলের নিয়ন্ত্রণ থাকলেও ৭০ মিনিটে মানদিচের গোলে এগিয়ে যায় সার্বিয়াই। তবে আন্দ্রেস পেরেরা ব্রাজিলের হয়ে ৭৩ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে আনলেও শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ের ১১৮ মিনিটে মাকসিমোভিচের গোলে কপাল পোড়ে ব্রাজিলীয়দের।
ফাইনালে ‘গোল করতে না পারা’র ব্যর্থতাই আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে রইল ব্রাজিলকে। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয়ের পর সেমিফাইনালে সেনেগালকে ৫-০ গোলে হারিয়ে দলে যে উদ্যম ফিরেছিল, ফাইনালে তার প্রয়োগ ঠিকমতো ঘটাতে পারেনি ব্রাজিল। হজম করা দুটি গোলেও ছিল রক্ষণ-দুর্বলতার স্পষ্ট ছাপ।