'৫৮ লাখ' টাকার মূল্য বোঝালেন তপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর তপু। ছবি: শামসুল হক
গোলের পর তপু। ছবি: শামসুল হক

জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট, মতিন মিয়া ও রহিম উদ্দিন। মুখে হিসাব করেই বলে দেওয়া যায়, প্রায় সোয়া ১ কোটি টাকার আক্রমণভাগ সাইফ স্পোর্টিং ক্লাবের। অথচ অতি স্বল্প বাজেটের ফরাশগঞ্জ দলের বিপক্ষে গোলের রাস্তা খুঁজে পাচ্ছিল না এই কোটি টাকার আক্রমণভাগ! উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হলেন রক্ষণভাগের সেনানী তপু বর্মন। এই স্টপারব্যাকের একমাত্র গোলেই ফরাশগঞ্জের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপাপ্রত্যাশী সাইফ স্পোর্টিং।
২০১৬-১৭ মৌসুমে সর্বোচ্চ ৫৮ লাখ টাকায় আবাহনী লিমিটেড থেকে তপুকে দলে ভিড়িয়েছে সাইফ। রক্ষণভাগ থেকে আক্রমণে উঠে গোল করে দলকে জয় উপহার দিয়ে তপু বুঝিয়ে দিলেন, কেন তাঁর দাম ৫৮ লাখ টাকা। ম্যাচ শেষে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই ফুটবলার বলেন, ‘কোচ আমাকে বলেছেন ডিফেন্স করতে হবে। প্রয়োজনে ওপরে গিয়ে গোলও করতে হবে। নিজেরও তো দায়িত্ব আছে। সর্বোচ্চ টাকা নিয়ে দল-বদল করেছি। খারাপ কিছু হলেই কথা হবে অনেক।’
গোল না পেলেও হেমন্ত-মতিনরা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে। ৩৪ মিনিটে হেমন্তর প্লেসিং পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বিরতির পর লেফট উইঙ্গার রহিমউদ্দিনের বদলে মাঠে আসেন কলম্বিয়ান স্ট্রাইকার হ্যাম্বার। মতিনকে লেফট উইংয়ে সরিয়ে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলেন বদলি এই স্ট্রাইকার। কিন্তু হ্যাম্বার যেন নামেই রাদামেল ফালকাওয়ের দেশের স্ট্রাইকার! ফাঁকা পোস্টেও বল রাখতে পারেননি তিনি। ৫১ মিনিটে মতিন মিয়া চামচ দিয়ে মুখে তুলে দেওয়ার মতো বল দিয়েছিল হ্যাম্বারকে। পা-ই লাগাতে পারেননি তিনি। ১৪ মিনিট পরে শাকিলের কর্নারে আনমার্কড থাকা অবস্থায়ও পোস্টে বল রাখতে পারেননি হেডে। প্রেসবক্সে তখন রসিকতা, ‘হ্যাম্বারের গোল করতে মানা!’
তপু ছিলেন নাছোড়বান্দা। ডিফেন্ডার হিসেবে ফরাশগঞ্জের নাইজেরিয়ান স্ট্রাইকার ম্যাথেওকে একাই থামিয়ে দিয়েছেন। আবার একমাত্র গোলটিও করেছেন। ৫৫ মিনিটে রিপন মিয়ার ডান প্রান্ত থেকে ক্রসে ‘ফ্লাইং হেডে’ জালে বল জড়ান তপু। তিনি স্টপার ব্যাক। প্রতিপক্ষ স্ট্রাইকারকে থামানোই তাঁর কাজ। তা করেনও ভালো। উপরি তিন ম্যাচে করে ফেললেন দুই গোল। আবাহনী লিমিটেডের বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচেও এক গোল করেছিলেন তপু। ‘অলরাউন্ডার প্যাকেজ’ বলতে যা বোঝায়, তিনি যেন সেটাই! 

শেষ ম্যাচে আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল ফরাশগঞ্জ। আজ সাইফের বিপক্ষেও ভালো লড়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তপুর কাছে হারতে হয়েছে তাদের। সাইফের এটি টানা দ্বিতীয় জয়। শেষ ম্যাচে আরামবাগকে হারিয়েছিল তারা।