'৭' নাকি '১৪', কুতিনহোর জার্সি কোনটি?

কুতিনহোকে যেদিন ক্যাম্প ন্যুতে পরিচয় করিয়ে দেওয়া হলো, সেদিন নিশ্চয়ই তাঁর জার্সির পেছন দিকটা দেখে সবাই একটু অবাক হয়েছেন। সেখানে কোনো নম্বর নেই। ব্যাপারটা সমর্থকদের কৌতূহলী করে তুলেছে আরও বেশি করে। লিভারপুলের ‘১০ নম্বর’ বার্সেলোনায় কত নম্বর জার্সি পরে খেলবেন?
এখানে যে ১০ নম্বরটা পরবেন না, এটা তো জানা কথা। সেটি চাওয়ারও কোনো উপায়ই নেই—ওটা যে ব্যবহার করেন কিংবদন্তি স্বয়ং! কুতিনহো নিজেও সেটি জানেন। এ জন্যই তো বার্সেলোনার বিমানে চড়ার পরই বলে দিয়েছেন, ইতিহাসের সেরা ১০ নম্বর লিওনেল মেসি। সবই ভালো খবর, কিন্তু তাঁকে তো কোনো একটা জার্সি পরে নামতে হবে মাঠে!
দলের এখনো পর্যন্ত যে অবস্থা, তাতে ২৪ নম্বর জার্সিটাই শুধু কপালে জুটতে পারে কুতিনহোর। কারণ, লা লিগার নিয়ম অনুযায়ী মূল স্কোয়াডের খেলোয়াড়ের জার্সি নম্বর ১ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। বার্সেলোনা স্কোয়াডে একমাত্র ২৪-ই খালি আছে। তবে এর মাঝে ফাঁক আছে দুটো। কুতিনহোর পর ইয়েরি মিনাকেও দলে টেনেছে বার্সেলোনা। ফলে অন্তত দুজন খেলোয়াড়কে ছেড়ে দেবে তারা। এ দুজনের একজন আরদা তুরান। বার্সার চোখে ‘অখাদ্যে’ পরিণত হওয়া এই মিডফিল্ডার তুর্কি লিগে ফিরছেন, বেসাকসেহির হয়ে।
সে ক্ষেত্রে তুরানের ৭ নম্বর জার্সি কুতিনহোর গায়ে উঠলেও উঠতে পারে। কিন্তু কুতিনহো নাকি বলেছেন, ৭ নয় ১৪-ই তাঁর পছন্দ। ১৪ আর বার্সেলোনা শুনলেই মাথায় চলে আসে একটি নাম। বার্সেলোনার খোলনলচে বদলে দেওয়া ডাচ্ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ মানেই যে ১৪ নম্বর জার্সি। তবে কমলা রঙের জার্সিতে ১৪-কে শরীরের অংশ বানিয়ে ফেলা ক্রুইফ কাতালান রঙে রাঙিয়েছেন ৯ নম্বরকে। বরং ১৪ নম্বরে বার্সেলোনাতে আলো ছড়িয়েছেন আরেক কিংবদন্তি। আর্সেনাল থেকে বার্সায় এসে ১৪ নম্বরকে আপন ভেবে নিয়েছিলেন থিয়েরি অঁরি। কুতিনহো যদি অঁরির কীর্তিও অনুকরণ করতে পারেন, সেটিও মন্দ হবে না বার্সার জন্য।
তবে ব্রাজিলিয়ান কুতিনহোর ১৪ পরা মানেই আর্জেন্টাইন বার্সেলোনা সমর্থকদের মন খারাপ করার দিন। বর্তমানে ১৪ নম্বর যে এখন হাভিয়ের মাচেরানোর দখলে। সে ক্ষেত্রে মাচেরানোর বার্সা ছাড়ার গুঞ্জনটা এ মাসেই সত্যি হয়ে যাচ্ছে।