'৮০' তে আসলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের সেরা গোলদাতা এখন সিআর-সেভেনই। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস লিগের সেরা গোলদাতা এখন সিআর-সেভেনই। ছবি: এএফপি

লা লিগায় সম্প্রতি গোল উৎসব করেছেন। সেই উৎসবের আমেজ হাওয়ায় মিলে না যেতেই চ্যাম্পিয়নস লিগের শুরুটা রোনালদোর হলো উৎসব দিয়েই। শাখতার দোনেৎস্কের বিপক্ষে তাঁর দল রিয়াল মাদ্রিদের ৪-০ গোলের বিশাল জয়েই এই উৎসব সীমাবদ্ধ নেই। উৎসবটা তাঁর এক অনন্য ব্যক্তিগত অর্জনের কারণেই। দারুণ এক হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে সর্বকালের সেরা গোলদাতা হিসেবে নিজের নামটি আলাদা জায়গাতেই নিয়ে গেছেন তিনি। ইউরোপ-সেরার এই লড়াইয়ে রোনালদোর গোলসংখ্যা এখন-৮০। প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে তিনি আপাতত এগিয়ে ৩ গোলে।

শাখতারের বিপক্ষে কীর্তি গড়ার রাতে রোনালদোর হেড। ছবি: এএফপি
শাখতারের বিপক্ষে কীর্তি গড়ার রাতে রোনালদোর হেড। ছবি: এএফপি

গত চার দিনে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগে তাঁর তৃতীয় হ্যাটট্রিকটি তিনি পূরণ করেন দারুণ এক হেডের গোলে। বাকি দুটো গোল অবশ্য তিনি করেন পেনাল্টি থেকে। তাঁর হ্যাটট্রিকের পাশাপাশি রিয়ালের জয়ে অপর গোলটি আসে করিম বেনজেমার পা থেকে।

দারুণ এই অর্জনের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত রোনালদো, ‘আমি অবশ্যই প্রচণ্ড খুশি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থদের। তারা আমার আত্মবিশ্বাস উত্তরণে দারুণ অবদান রেখেছে।’ রোনালদো তাঁর সাম্প্রতিক খারাপ ফর্মের সময়টাতে সতীর্থদের সমর্থনের কথাই মূলত স্মরণ করেছেন এখানে।

এমন উল্লাস রোনালদোকেই মানায়। ছবি: এএফপি।
এমন উল্লাস রোনালদোকেই মানায়। ছবি: এএফপি।

চ্যাম্পিয়নস লিগে দলের এই দারুণ শুরুটা রোনালদোকে যথেষ্ট তৃপ্তিই দিচ্ছে, ‘প্রাক-মৌসুমে আমরা ভালো করতে পারছিলাম না। তবে আমরা জানতাম প্রাক-মৌসুমে ভালো করার থেকেও গুরুত্বপূর্ণ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো করা। লা লিগায় আমাদের শুরুটা হয়তো ভালো ছিল না। কিন্তু আমরা নিজেদের গুছিয়ে নিয়েছি। চ্যাম্পিয়নস লিগের শুরুটা সত্যিই দুর্দান্ত হলো।’ সূত্র: এএফপি।